শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বাংলার দুই প্রখ্যাত নোবেল জয়ী অর্থনীতিবিদের অভিমত জানতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন? বিস্তারিত জানতে হলে ক্লিক করুন
বাংলার জনরব ডেস্ক : রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বাংলার প্রখ্যাত ব্যক্তিত্ব নোবেলজয়ী অর্থনীতিবিদরা কি ভাবছেন তা জানতে ইচ্ছা করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের?কলকাতা হাই কোর্টে নিজের এজলাসেই এ নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন বিচারপতি। তাঁর প্রশ্ন, ‘‘ওঁরা তো অনেক বিষয়েই নানা মন্তব্য এবং মতামত জানিয়ে থাকেন। আমার কৌতূহল, স্কুলে নিয়োগে দুর্নীতি নিয়ে এই সব মহান, স্বীকৃত শিক্ষাবিদদের পর্যবেক্ষণ কী?’’
আজ বুধবার বিচারপতি এই মন্তব্য করেন নিজের এজলাসে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথোপকথন চলাকালীন। বিচারপতি বলেন, ‘‘স্কুলে নিয়োগে এত বড় দুর্নীতি হল। নোবেলজয়ীরা কী বলেছেন? অমর্ত্য সেন রয়েছেন, যিনি প্রতীচী ট্রাস্ট গড়ে কাজ করছেন। নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমার জানতে ইচ্ছে করছে এঁরা কী বলছেন? এই সব মহান, স্বীকৃত শিক্ষাবিদদের এ ব্যাপারে পর্যবেক্ষণ কী?’’


প্রসঙ্গত, স্কুলে নিয়োগ দুর্নীতির বহু মামলা এখনও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচারাধীন। সেই সব মামলায় তাঁর দেওয়া নির্দেশ এবং নানা মন্তব্য বার বার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। তবে নোবেলজয়ী অর্থনীতিবিদদের কেন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মতামত জানতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তা তিনি স্পষ্ট করেননি। তবে মনে করা হচ্ছে সম্প্রতি অমর্ত্য সেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে বলে মন্তব্য করেছেন তারই পরিপ্রেক্ষিতে হয়তো বিচারপতি এই ধরনের মন্তব্য করে থাকতে পারেন বলে ওয়াকিবহাল মহল মনে করছে। আর এক অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের গঠিত একটি বিশেষ কমিটির নেতৃত্ব তিনি দিচ্ছেন তাই হয়তো তারও মতামত জানতে চাইছেন বিচারপতি বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

