রাজ্য রাজনীতিতে চমক! বিধানসভায় শুভেন্দুকে ভাই বলে ডাকলেন মুখ্যমন্ত্রী, চা চক্রে মিলিত হলেন মমতা – শুভেন্দু
বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে বিধানসভায় চা চক্রে মিলিত হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং মনোজ টিগ্গা। এই প্রথম বিধানসভায় মমতার ঘরে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু। পরে বিধানসভা অধিবেশনে তাঁকে ভাই বলে সম্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
নতুন রাজ্যপালের শপথগ্রহণ ঘিরে ফের সরগরম হয় রাজ্য রাজনীতি। শুভেন্দু শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ না দিয়ে দায় ঠেলেন মুখ্যমন্ত্রীর দিকে। তার ঠিক দু’দিন পর বিধানসভায় দু’জনের সাক্ষাৎ। সাক্ষাতের পর মমতা বলেন, ‘‘শুভেন্দুকে চা খেতে ডেকেছিলাম।’’ ডাকে সাড়া দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই প্রসঙ্গে শুভেন্দু পরে বলেন, ‘‘এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। যদিও চা খাওয়া হয়নি।’’

সৌজন্য সাক্ষাৎ শেষে বিধানসভা অধিবেশনে মমতা শুভেন্দুকে ভাই বলে সম্বোধন করেন। বলেন, ‘‘ভাইয়ের মতো স্নেহ করতাম যাঁকে, সে বললেন গণতন্ত্র নিয়ে।’’ শুভেন্দুর বাবা, তথা কাঁথির সাংসদ শিশির অধিকারীর কথাও শুক্রবার বলেন মমতা। তাঁর কথায়, ‘‘দল গঠনের সময় আপনি ছিলেন না। শিশির দা আমাদের বিরুদ্ধে প্রাথী হয়েছিলেন। আমি তাকে সন্মান করি।’’
গত বছরের ১৯ ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু। তার অনেক আগে থেকেই দলনেত্রীর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। এর পরে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বী ছিলেন ওঁরা। জেতেন শুভেন্দু। পরে মমতা উপনির্বাচনে জিতে আসেন ভবানীপুর থেকে। এর পরেও মমতাকে ‘কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী’ বলে কটাক্ষ করতে থাকেন শুভেন্দু। ‘পিসি-ভাইপো লিমিটেড কোম্পানি’ বলে তৃণমূলকে আক্রমণ করতে থাকেন। পাল্টা মমতাও নানা কথা বলেন।

