প্রতিবছর ছ’হাজার স্নাতক স্তরে পড়ুয়াকে শিক্ষানবিশ হিসেবে নিয়োগ করবে রাজ্য, নেতাজির আদর্শ ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত করতে স্কুলে স্কুলে গড়ে তোলা হবে আজাদ হিন্দ বাহিনী ঘোষণা মুখ্যমন্ত্রীর
বাংলার জনরব ডেস্ক: কলেজে গ্রাজুয়েশন পড়ার সময় শিক্ষানবিশ হিসেবে রাজ্য সরকার এক বছরের জন্য চুক্তি ভিত্তিক কাজ দেবে এই রাজ্যের যুবক-যুবতীদের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রতিবছর ছ’হাজার যুবক-যুবতীকে ইন্টার্ন হিসাবে নিয়োগ করবে রাজ্য সরকার। এদের বেতন ভালো দেয়া হবে বলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন একই সঙ্গে ভালো কাজের দক্ষতা দেখাতে পারলে এদের মেয়াদ বাড়ানো হবে। রাজ্য সচিবালয় নবান্ন থেকে শুরু করে জেলা প্রশাসন এবং ব্লক স্তর এমনকি পঞ্চায়েত স্তরে এই নিয়োগ হবে বলে জানানো হয়েছে।
এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে স্টুডেন্ট ইনসেনটিভ স্কিম। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর স্নাতকস্তরের ৬ হাজার পড়ুয়াকে ইন্টার্ন হিসেবে নিয়োগ করা হবে। আইটিআই এবং পলিটেকনিকের পড়ুয়ারাও পাবেন সুযোগ। মিলবে ৫ হাজার টাকা ভাতাও। ৪০ বছর বয়স পর্যন্ত এই প্রকল্পে আবেদন করা যাবে। ইন্টার্নশিপের মেয়াদ হবে ১ বছর। তবে ভাল কাজ করলে ইন্টার্নশিপের মেয়াদ আরও বাড়বে।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানবে পড়ুয়ারা। কোথায় কীভাবে এই প্রকল্প বাস্তবায়িত হয়, তা তাঁরা শিখবেন হাতেকলমে। কোর্স শেষে মিলবে সার্টিফিকেট। পরে তাঁরা সেই সার্টিফিকেট কাজে লাগাতে পারবেন। উচ্চশিক্ষা এবং চাকরি জীবনেও কাজে লাগবে এই সার্টিফিকেট। উন্নততর মানুষ গড়ার লক্ষ্যেই এই প্রকল্প চালু করছে রাজ্য সরকার, জানালেন মুখ্যমন্ত্রী।
স্নাতকস্তরে ৬০ শতাংশ নম্বর পেলেই অনলাইনে করা যাবে আবেদন। সেই আবেদন খতিয়ে দেখবে সিলেকশন বোর্ড। তার পর হবে নিয়োগ। প্রতি বছরে ৬ হাজার ইন্টার্ন নিয়োগ হবে। পড়ুয়ারা নিজের এলাকার রাজ্য সরকারি বা ব্লক স্তরের অফিসে নিযুক্ত হবেন।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আদর্শে ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েদের গড়ে তুলতে স্কুলে স্কুলে তৈরি করা হবে আজাদ হিন্দ বাহিনী। পড়ুয়াদের উন্নততর মানুষ গড়তেই রাজ্যের এই উদ্যোগ। এই বাহিনীর কাজ হবে উন্নততর মানুষ গড়া। এদিন একথা জানান মুখ্যমন্ত্রী। চারটি জোনে ভাগ করা হচ্ছে এই বাহিনীকে- জঙ্গল মহল, শিলিগুড়ি, কলকাতা ও বারাকপুর।

