দেশের রাজনীতিতে নজিরবিহীন ঘটনা মুখ্যমন্ত্রী রাজ্যপালের টুইটার ব্লক করলেন, সাংবিধানিক নিয়ম কানুন ও আইনের শাসনকে কেউ ব্লক করতে পারেন না পাল্টা রাজ্যপাল
বাংলার জনরব ডেস্ক : দেশের রাজনীতিতে নজিরবিহীন ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের ব্লক করলেন। আজ নবান্নে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, “উনি প্রতিদিন একটা করে টুইট করে কখনও অফিসারদের, কখনও আমাকে গালাগালি দিচ্ছেন। অসাংবিধানিক কথাবার্তা বলছেন। আমাদের নির্দেশ দিচ্ছেন। তার মানে আমরা বন্ডেড লেবার। আমরা কি রাজ্যপালের কেনা গোলাম? তিনি হয়ে গিয়েছেন সুপার পাহারাদার। প্রতিদিন ওনার টুইট দেখে আমার বিরক্ত লাগে। উনি এমন এমন টুইট করেন যা অমানবিক। তাই ব্লক করলাম। ক্ষমা চেয়ে নিচ্ছি।”
তিনি আরও বলেন, “আমি ৪ বার প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) চিঠিতে লিখেছি ওনাকে সরিয়ে নিন। রাজ্যপাল রোজ হুমকি দিচ্ছেন। আদালত থেকে শুরু করে আয়কর, ইডি থেকে সিবিআই, ডিজি থেকে মুখ্যসচিব সকলকে ভয় দেখাচ্ছেন। বাংলার মানুষ মাথা নিচু করে চলেন না। আমরা গত এক দেড় বছর ধরে সহ্য করছি। প্রত্যেকটা ফাইল ফেলে রেখে দিয়েছেন। হাওড়া-বালি পুরসভার বিলে সই করেননি। সাধারণ মানুষ দুর্ভোগের শিকার। উনি ঠিক করবেন কোনটা কার সাথে থাকবে না থাকবে? প্রত্যেকটা বিল আটকে দিয়েছেন।”

শনিবার রাতে নোয়াপাড়ায় খুন হন তৃণমূল নেতা। ওই ঘটনার প্রসঙ্গ তুলে রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, “ওনার প্রশ্রয়ে বিজেপির গুন্ডারা রোজ লোক খুন করছে। খুনে সরাসরি উৎসাহ দিচ্ছেন রাজ্যপাল।” ‘মা ক্যান্টিন’ প্রকল্প নিয়ে দিনকয়েক আগে সরব হন রাজ্যপাল। সে প্রশ্নেরও জবাব দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও রাজ্যপালকে ‘পেগাসাসের নাভিশ্বাস’ বলে কটাক্ষ তাঁর।
রাজনৈতিক মহলের মতে, রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের আবহে রাজ্যপালকে টুইটারে ব্লক করার সিদ্ধান্ত কার্যত নজিরবিহীন। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের পালটা জবাব দেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। তিনি টুইটে লেখেন, “সংবিধানের ১৫৯ নম্বর ধারা অনুযায়ী সাংবিধানিক রীতি ও আইনের শাসনকে কেউ ব্লক করতে পারে না। যাঁরা ক্ষমতায় আছেন তাঁরা সংবিধানের প্রতি আস্থাশীল, অনুগত থাকবেন।”

