বিহারে পটনায় রেললাইনের ধার থেকে এক তরুণীর দেহ!
বিহারে পটনায় রেললাইনের ধার থেকে এক তরুণীর দেহ উদ্ধার হল। তরুণী আত্মঘাতী হয়েছেন, না কি তাঁকে খুন করা হয়েছে, তা ঘিরে রহস্য বাড়ছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সম্প্রতি সাইবার অপরাধীদের খপ্পরে পড়েছিলেন তরুণী। তাঁকে ‘ডিজিটাল’ গ্রেফতার করে সাইবার অপরাধীরা।
পুলিশ সূত্রে খবর, আড়াই লক্ষ টাকা সাইবার অপরাধীরা তরুণীর কাছ থেকে বেশ কয়েক দফায় হাতিয়ে নিয়েছে। তাঁর মোবাইলের তথ্য ঘেঁটে তদন্তকারীরা দেখেন, সেপ্টেম্বর থেকে একটি নম্বর থেকে বার বার ফোন এসেছে, আবার তরুণী ওই নম্বরে ফোনও করেছিলেন।
তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, তরুণীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘেঁটে দেখা হয়। তখন দেখা যায়, দিল্লি, কেরলম এবং উত্তরপ্রদেশে বেশ কয়েকটি অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। তরুণীর কলরেকর্ড পরীক্ষা করে ১০টি সন্দেহভাজন ফোন নম্বরের হদিস মেলে। এই ফোন নম্বরগুলি সাইবার অপরাধীদের বলেই সন্দেহ তদন্তকারীদের।

