দেশ 

যুব সমাজের রোজগার নেই কৃষকদের হাল বেহাল বাজেটে কোন দিশা নেই মোদি সরকারের বাজেট নিয়ে প্রতিক্রিয়া রাহুলের

শেয়ার করুন

২০২৬ সালের বাজেট ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বাজেটকে ঐতিহাসিক আখ্যা দিলেও বিরোধিতায় সরব বিরোধী শিবির। মোদি সরকারের এই বাজেটকে ‘অন্ধ বাজেট’ বলে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, ‘যুব সমাজের রোজগার নেই, কৃষকদের হাল বেহাল। দেশের মূল সমস্যার বিষয়ে এরা অজ্ঞাত।’

বাজেট ঘোষণার পর রবিবার সোশাল মিডিয়ায় এই বাজেটের বিরোধিতায় সরব হন রাহুল। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘দেশের যুবসমাজের রোজগার নেই, ম্যানুফেকচারিং লাগাতার নিচের দিকে নামছে, বিনিয়োগকারীরা টাকা তুলে নিচ্ছেন, মানুষের ক্রয় ক্ষমতা লাগাতার কমছে। দেশের কৃষকদের অবস্থাও বেহাল। ভবিষ্যতের সংকটগুলিকে এড়িয়ে যাওয়া হচ্ছে। এমন একটা সময়ে সরকার যে বাজেট পেশ করেছে তাতে স্পষ্ট যে মোদি সরকার চায় না এইসব সমস্যা শোধরাতে। দেশের মূল সমস্যাগুলি সম্পর্কে এই সরকার অজ্ঞাত।’

Advertisement

রাহুল গান্ধীর পাশাপাশি মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, ‘নতুন কিছু ভাবার মতো শক্তি নেই মোদি সরকারের। যে বাজেট পেশ করা হল তা দেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক সমস্যাগুলির সমাধানে ব্যর্থ। বাজেটের কোনও দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনা নেই। নীতিগত দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক ইচ্ছাশক্তির অভাব রয়েছে বাজেটে। নীতিগত ত্রুটি ঢাকার মতোও কোনও উদ্যোগ দেখা যায়নি বাজেটে।’

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ