মক্কার অদূরে ড্রোন হামলা ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথির!
ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথির সঙ্গে সৌদি আরবের সংঘর্ষ ক্রমশ ভয়ংকর রূপ ধারণ করছে। সৌদির পশ্চিম উপকূল ক্রমাগত ব্যালেস্টিক মিসাইল ছুড়ছে বিদ্রোহী গোষ্ঠী। এই পরিস্থিতিতে আশঙ্কা সত্যি করে ইসলামের পবিত্র শহর মক্কায় ড্রোন হামলা চালাল হাউথিরা। তবে সৌদির দাবি, ড্রোনটি আকাশেই ধ্বংস করা হয়েছে। মক্কায় হামলার কড়া নিন্দা করেছে ভারত। অন্যদিকে, ইয়েমেনে সৌদির একটি এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে হাউথিরা।
সৌদির তরফে দাবি করা হয়েছে, মঙ্গলবার মক্কায় ড্রোন হামলা চালায় হাউথিরা। গত এক দশকে এই প্রথম মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থক্ষেত্র আক্রমণ করা হয়েছে। যদিও মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটিকে ধ্বংস করা হয়। তবে ড্রোনটি শহরের কতটা কাছাকাছি পৌঁছেছিল, সে বিষয়ে তারা সুনির্দিষ্ট কোনও তথ্য দেয়নি। তবে সৌদির এই দাবি খারিজ করে দিয়েছে হাউথিরা।
বুধবার ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, “আমাদের নিশানায় ছিল সৌদির তৈল ভাণ্ডার ও সামরিক ঘাঁটি, যা মক্কা থেকে বহু দূরে অবস্থিত।” তিনি আরও বলেন, “মক্কায় হামলা নিয়ে অপরাধী সৌদি শাসনব্যবস্থা যেসব মিথ্যা গুজব ছড়াচ্ছে, তা দিয়ে কাউকে বিভ্রান্ত করা যাবে না।”

