বারাসাতে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা এবং প্রকাশিত হল জেলা পত্রিকা ‘বঙ্গীয় উত্তর জ্যোতি’
এস রোজলিন: কলকাতা: উত্তর ২৪ পরগনার বারাসাতের রিজেন্ট কুসুম অ্যাপার্টমেন্টে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের উত্তর ২৪ পরগনা জেলা শাখার উদ্যোগে একটি সাংগঠনিক সভা ও সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হয়ে গেল। মূলত জেলা কমিটির সদস্যদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
এদিনের অনুষ্ঠানে জেলা সংগঠনের নিজস্ব পত্রিকা ‘বঙ্গীয় উত্তর জ্যোতি’র প্রকাশ, মাসান্তিক সাহিত্য আড্ডা, রাজ্য সম্মেলনে জেলার ভূমিকা, ঈদ মিলনী সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার উপদেষ্টা ডঃ মোস্তফা আব্দুল কাইয়ুম সাহেব। বারাসাত গভর্নমেন্ট কলেজের ইংরেজি বিভাগের ছাত্রী তাসনিম নাজিফার উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এরপর বঙ্গীয় অনুসন্ধান ট্রাস্টের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেন জেলা সমন্বয়ক ও সম্পাদক মোঃ হাসানুজ্জামান। জেলার সাংগঠনিক কাজকর্ম ও আগামীর রূপরেখা সম্পর্কে গঠনমূলক আলোচনা ও মত বিনিময় করেন সভাপতি আলমগীর রহমান, যুগ্ম সহ-সভাপতি হাসিম আব্দুল বরকতি, যুগ্ম সহ-সম্পাদক মোঃ বাকি আল্লাহ মন্ডল, শিশু সমন্বয়ক মোজাফফর রহমান, কোষাধ্যক্ষ মশিউর রহমান, সদস্য অ্যাডভোকেট শেখ মইনুল হক প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় –
এক, আসন্ন রাজ্য সম্মেলনে জেলার সাহিত্য পত্রিকা ‘বঙ্গীয় উত্তর জ্যোতি’ প্রকাশ করা হবে।
দ্বিতীয়,প্রত্যেক মাসের শেষ রবিবার মাসান্তিক সাহিত্য পাঠের আসর বসবে।
তৃতীয়,জেলার সাহিত্য সাথীদের নিয়ে ২৪শে জানুয়ারি ২০২৭ তারিখে সাহিত্যের পিকনিক আয়োজন করা হবে।
সঙ্গীতশিল্পী তুহিনা হকের সঙ্গীত পরিবেশনা ও সভাপতি ডঃ মুস্তাফা আব্দুল কাইয়ুমের বিশ্লেষণী ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটির সামগ্রিক ব্যবস্থাপনায় আন্তরিক সহযোগিতা করেন বারাসাত ডিএম অফিসের আধিকারিক হাবিব আজাম সাহেব।

