হড়পা বানে নেপাল বিপর্যস্ত, নিখোঁজ ১৪১ জন ভারতীয়!
হড়পা বানে নেপাল বিপর্যস্ত। বুধবার সকালে নেপালের রাসুয়া জেলায় ভোটে কোশী নদীতে হড়পা বান নামে। নেপাল পর্যটন পর্ষদ জানাচ্ছে, তার পর থেকে অন্তত ২৯১ বিদেশি-সহ অন্তত ৩৮৪ জন পর্যটকের কোনও খোঁজ মিলছে না। তাঁদের মধ্যে ১৪১ জন ভারতীয় (৩৭ অনাবাসী-সহ)। তাঁদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ‘দ্য কাঠমান্ডু পোস্ট’ জানাচ্ছে, তাঁরা সকলেই কৈলাস-মানস সরোবর দর্শনের জন্য যাচ্ছিলেন।
বুধবার নেপাল সীমান্ত পেরিয়ে তিব্বতের কৈলাস মানস সরোবরের উদ্দেশে যাওয়ার কথা ছিল পর্যটকদের। কাঠমান্ডুর এক পর্যটন সংস্থার আধিকারিক বাসুকুমার অধিকারী জানান, এ দিন ৯৩ জন নেপালি-সহ প্রায় ৪০০ জনকে নিয়ে সীমান্ত পার করার কথা ছিল। কিন্তু ধস নামার পর থেকে দুপুর ৩টে পর্যন্ত দুই-এক জন ছাড়া কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁরা।
এ দিনের বিপর্যয় মনে করিয়ে দিচ্ছে ২৮ বছর আগের এক ভয়াবহ দুর্ঘটনার কথা। ১৯৯৮ সালের অগস্টে উত্তরাখণ্ডের পিথোরাগড়ের মলপা গ্রামে ধস নেমেছিল। বিপর্যয়ে প্রাণ হারিয়েছিলেন ২২১ জন। তাঁদের মধ্যে ৬০ পুণ্যার্থীও ছিলেন। তাঁরাও যাচ্ছিলেন কৈলাস মানস সরোবর যাত্রায়। মাটি এবং পাথরের স্তূপ সরিয়ে মৃতদের দেহ উদ্ধার করতে লেগে গিয়েছিল বেশ কয়েকদিন সময়। এ বার নেপালে ভোটে কোশী নদীর এই হড়পা বান এবং তার পরবর্তী বিপর্যয় ফিরিয়ে আনছে আড়াই দশক আগের সেই ভয়ঙ্কর স্মৃতি।
তিব্বত সীমান্ত লাগোয়া রাসুয়ায় হড়পা বানের জেরে এ দিন ওই জেলায় বিভিন্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। বানের জলের তোড়ে ভেসে যায় বহু ঘরবাড়ি, গাড়ি। ভেঙে যায় সেতু। এরই মধ্যে প্রায় ৪০০ পর্যটক রাসুয়াগড়ির কাছে নিখোঁজ হয়ে যান। নেপাল পর্যটন পর্ষদ জানাচ্ছে, নিখোঁজদের মধ্যে অন্তত ১৪১ জন ভারতীয়। তাঁরা তিনটি ভিন্ন ভিন্ন ট্যুর অপারেটরের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। এর মধ্যে দু’টি দলে ৫৯ জন এবং ৪৬ জন ভারতীয় রয়েছেন। তৃতীয় দলটিতে রয়েছেন ৩৭ জন অনাবাসী ভারতীয়।
বিপর্যয়ের পর নেপালে ভারতীয় দূতাবাস থেকে দু’টি ফোন নম্বরও চালু করা হয়েছে। নিখোঁজ ভারতীয়দের বিষয়ে কোনও তথ্যের জন্য ওই নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। নম্বরগুলি হল +৯৭৭ ৯৮৫ ১৩১ ৬৮০৭ এবং +৯৭৭ ৯৭০ ৯১০ ৭৫০০।
নিখোঁজ বিদেশিদের মধ্যে রয়েছেন মালয়েশিয়ার ১৭ জন, ব্রিটেনের ১২ জন, সাউথ আফ্রিকার চার জন, আমেরিকার তিন জন, অস্ট্রেলিয়ার এক জন এবং নেদারল্যান্ডসের এক জন পর্যটক। বাকি ১১১ জন বিদেশি কোন দেশের নাগরিক, তা এখনও স্পষ্ট নয় বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ।
নেপালের ট্রেকিং সংস্থাগুলির সংগঠনের সভাপতি সাগর পাণ্ডে জানান, নিখোঁজদের সঙ্গে যোগাযোগের সবরকম চেষ্টা চলছে। তাঁরা কী অবস্থায় রয়েছেন, তা-ও জানার চেষ্টা করা হচ্ছে।

