সম্প্রীতির বার্তা দিয়ে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন হাতিয়াড়া ফ্রেন্ডস ক্লাবের
মনির উদ্দিন আহমেদ, হাতিয়াড়া : জাতি-ধর্মের ভেদাভেদ ভুলে, একতা ও সম্প্রীতির বার্তা দিয়ে আবারও সাড়ম্বরে পালিত হলো ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস। প্রতি বছরের মতো এবারও হাতিয়াড়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এবং স্থানীয় হিন্দু ও মুসলিম ব্যবসায়ীদের যৌথ সহযোগিতায় তিন দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্পূর্ণ আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এই উৎসব ঘিরে গোটা এলাকায় ছিল উৎসবের আমেজ।
১৪ই আগস্ট একটি আকর্ষণীয় ফুটবল ম্যাচের মধ্য দিয়ে এই তিন দিনের অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর ১৫ই আগস্ট মূল স্বাধীনতা দিবসে ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তিন দিন ধরে ফুটবল ম্যাচের পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতা ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই সমস্ত প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভারতের আসল পরিচয় ও ঐতিহ্যকে সাধারণ মানুষের সামনে সুন্দরভাবে তুলে ধরা হয়।
হাতিয়াড়া গোট প্রাঙ্গণে আয়োজিত এই মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়াড়া জামে মসজিদের পেশ ইমাম মহম্মদ কুতুব উদ্দিন নাদভি মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিরা। ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে সম্পাদক মাহমুদ আলী, সভাপতি শেখ সানাউল্লাহ সহ ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ অনুষ্ঠানটি সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন।
তিন দিনের এই মহাপর্বের সমাপ্তি ঘটে ১৬ই আগস্ট রাতে এক জমকালো ভোজের মাধ্যমে। এলাকার সকল মানুষের জন্য আয়োজিত এই নৈশভোজ সকলের মন জয় করে নেয়। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দিল যে, উৎসবের আঙিনায় সম্প্রীতিই আসল শক্তি।

