উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য ১৬০০ অতিরিক্ত শূন্যপদ তৈরি মমতার আমলে, শুভেন্দু সরকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার করলো!
উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য ১৬০০ অতিরিক্ত শূন্যপদ (সুপার নিউমেরারি পদ) তৈরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সংক্রান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল শুভেন্দু অধিকারীর সরকার। বুধবার রাজ্যের তরফে কলকাতা হাই কোর্টে সে কথা জানানো হয়েছে। এর ফলে পূর্বতন সরকারের তৈরি পদগুলি বাতিল হয়ে গেল।
উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট বা অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ করতে চেয়ে ১৬০০ অতিরিক্ত শূন্যপদ তৈরি করে সরকার। নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটাতে তৎকালীন মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছিল। ২০২২ সালের ১৯ মে এবং ১৪ অক্টোবর বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়। কিন্তু হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ রাজ্যের সিদ্ধান্ত খারিজ করে দেয়। আদালত জানিয়েছিল, নিয়মিত (রেগুলার) নিয়োগের মতো সুপার নিউমেরারি পদ তৈরি করা যায় না। কেবল বিশেষ পরিস্থিতিতেই তা করা যায়।
হাই কোর্টের একক বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য ডিভিশন বেঞ্চে মামলা করে। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। কিন্তু এর মধ্যে সরকার বদলে গিয়েছে। নতুন সরকার হাই কোর্টে জানিয়ে দিল, নিয়োগের ক্ষেত্রে আগের সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী তারা এগোবে না। ওই দু’টি বিজ্ঞপ্তিই রাজ্য প্রত্যাহার করে নিচ্ছে। হাই কোর্টে বঞ্চিত চাকরিপ্রার্থীদের হয়ে এই মামলায় সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম।
নিয়োগে দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর ফলে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যায়। তবে এই সংক্রান্ত মামলাতেই রাজ্যের অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্তে তখন হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। সেই নির্দেশ দেখিয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেছিল মমতার সরকার।

