জেলা 

কংগ্রেস নেতা আইনজীবী আনিসুর রহমান এবং তাঁর পুত্রকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা! নদীয়ার ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য! ভয় আউট ভরসা ইন বলেছিলেন মুখ্যমন্ত্রী!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শনিবার রাত সাড়ে নটা নাগাদ নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়া ডহরি রেল গেট এর কাছে গুলি করে খুন করা হলো কংগ্রেস নেতা ও তার পুত্রকে। নদীয়ার বিশিষ্ট কংগ্রেস নেতা আইনজীবী আনিসুর রহমান এবং তার পুত্র ২৪ বছর বয়সী আবু সুফিয়ান একসঙ্গে বাড়ি ফিরছিলেন নিজস্ব গাড়িতে। বেথুয়া ডহরি রেল গেটের কাছে তাদের চার চাকার গাড়ি পৌঁছালে সেখানে রাস্তা আটকে দাঁড়ায় দুষ্কৃতীরা কোনরকম বোঝার আগেই পরপর কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ।এর পর গাড়ি থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবা ও ছেলেকে কোপানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয় বলে সূত্রের খবর। এই ঘটনার খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ পৌঁছোয়। তদন্ত শুরু করেছে তারা। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই হত্যা ঘটনার নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি তাঁর সমাজমাধ্যমে লেখেন, “নদিয়ার কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর পুত্রের হত্যার তীব্রতম ভাষায় নিন্দা ও ধিক্কার জানাই। ‘ভয় আউট, ভরসা ইন’-এর স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছে এই সরকার, সেখানে স্বাধীনতা দিবসের দিনে এমন জঘন্য ঘটনা মানুষের নিরাপত্তা ও স্বাধীন ভাবে রাজনীতি করার অধিকার নিয়ে একাধিক প্রশ্ন তুলে দেয়।” সঠিক ও নিরপেক্ষ তদন্ত এবং অতিশীঘ্রই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অধীর। আরও জানান, এই কঠিন সময় কংগ্রেস শোকাহত পরিবারের পাশে আছে।

এ বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “এই রাজ্যে সংখ্যালঘু এবং বিরোধীদের কণ্ঠরোধ করার অপচেষ্টার বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের লড়াই চলবেই। এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে আগামিকাল (১৬ অগস্ট) সারা রাজ্য জুড়ে কংগ্রেস কালা দিবস পালন করবে।”

স্থানীয় কংগ্রেস কর্মীদের অভিযোগ, জেলবন্দি তৃণমূল নেতা জুব্বার শেখের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। স্থানীয় কংগ্রেস নেতা টিপু সুলতানের অভিযোগ, “এলাকা দখল করতে দুষ্কৃতীদের দিয়ে জেলে থেকে জুব্বার এই ঘটনা ঘটিয়েছে। প্রশাসন সঠিক ও নিরপেক্ষ তদন্ত করলে এই বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত সুপার (গ্রামীণ) সুরজিৎ কুমার দে বলেন, “সদ্য ঘটনাটি ঘটেছে। তদন্ত চলছে। এখনই কিছু বলা সম্ভব নয়।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ