প্রচ্ছদ 

অন্নপূর্ণা যোজনার মাসিক ৩ হাজার টাকা কারা পাবেন? নবান্ন থেকে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

শেয়ার করুন

অন্নপূর্ণা যোজনার মাসিক ৩ হাজার টাকা কারা পাবেন, আর কারা এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়বেন— তা নিয়ে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবেদনপত্রের ঝাড়াই-বাছাই ও যাচাইয়ের কাজ এখন অন্তিম পর্যায়ে। আগামী ১৭ তারিখ থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নির্দিষ্ট আয়ের সীমা অতিক্রম করলে অন্নপূর্ণা যোজনার সুবিধা মিলবে না। মাসিক ১০ হাজার টাকা আয় করেন, এমন কোনও মহিলা এই প্রকল্পের টাকা পাবেন না। ২৫ থেকে ৬০ বছরের মহিলারা এই অর্থ পাবেন। ২৫ বছরের কম বয়সি মহিলারা এই যোজনার সুবিধা পাবেন না। একই ভাবে বার্ষিক পারিবারিক আয় ১২ লক্ষ টাকা হলেও অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বাদ পড়তে হবে। জমির মালিকানার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রয়েছে। সাতটি পুরনিগম এলাকার কোনও বাসিন্দার ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে জমির পরিমাণ সংক্রান্ত নিয়মে ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার ক্ষেত্রে যোগ্য মহিলাদের চিন্তার কোনও কারণ নেই বলে আশ্বাস দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, ‘‘১৭ তারিখ থেকে যোগ্য লোকেরা টাকা পাবেন।’’ আবেদনপত্রের যাচাই সম্পূর্ণ হলেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। অর্থ দফতর জেলা ধরে ধরে এই টাকা ট্রান্সফার করবে। যাঁদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, তাঁদের প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। অর্থাৎ, নিয়মিত যাচাইয়ের পর যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। চলতি মাসে ১৭ তারিখে অর্থ দেওয়া হবে। জুলাই মাসে এক কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে। অনেকে অভিযোগ করেন, যোগ্য হয়েও টাকা পাননি তাঁরা। তারপরেই ভেরিফিকেশনের কাজ হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রকল্পের আর্থিক ব্যয়ের বিষয়েও প্রশাসনিক মহলে হিসাব শুরু হয়েছে। অন্নপূর্ণা যোজনায় আট মাসে প্রায় ৪৮ থেকে ৫০ লক্ষ টাকা খরচ হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রকল্প শুরুর আগে বাজেটে ৩৮ লক্ষ টাকা বরাদ্দ ধরা হয়েছিল। মুখ্যমন্ত্রীর দাবি, জুন মাসে ২৮ লক্ষ মহিলাকে অন্নপূর্ণার টাকা দেওয়া হয়েছে। জুলাইয়ে সেই সংখ্যা বেড়ে এক কোটি ১৯ লক্ষে পৌঁছেছে। আগামী কিস্তিতে উপভোক্তার সংখ্যা আরও বাড়বে বলেও জানিয়েছেন তিনি। সঙ্গে একটি অভিযোগ পোর্টালের বন্দোবস্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি। এক্ষেত্রে বিডিও-দের দায়িত্ব দেওয়া হবে। এই বিষয়টি দেখবেন মুখ্যসচিব।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় ৫০০ টাকা দেওয়ার ক্ষেত্রেও দীর্ঘ সময় ধরে যাচাই-বাছাই চলেছিল বলে দাবি করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, যোগ্য ব্যক্তিদেরই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। ফলে যাচাই প্রক্রিয়া নিয়ে অযথা উদ্বেগের কারণ নেই।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ