প্রচ্ছদ 

বিজেপির ডাকা ঝাড়খণ্ড বন্‌ধ ঘিরে রাজ্য জুড়ে উত্তেজনা! গ্রেফতার শতাধিক কর্মী

শেয়ার করুন

বিজেপির ডাকা ঝাড়খণ্ড বন্‌ধে মঙ্গলবার দফায় দফায় উত্তেজনা ছড়াল রাঁচীতে। চলল পথ অবরোধ। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী-সমর্থকেরা। ‘বিধানসভা ঘেরাও’ করতে নেমে আটক হলেন শতাধিক এবিভিপি কর্মী।

সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে লাগাতার আন্দোলন চালাচ্ছেন ঝাড়খণ্ডের ছাত্র-যুবরা। সিবিআই তদন্তের দাবিতে সোমবার ‘বিধানসভা ঘেরাও’ করার ডাক দিয়েছিলেন তাঁরা। আন্দোলনকারী ছাত্র-যুবদের হটাতে সোমবার দফায় দফায় লাঠিচার্জ করে পুলিশ। তার প্রতিবাদে মঙ্গলবার ১১ ঘণ্টার ঝাড়খণ্ড বন্‌ধ ডেকেছে বিজেপি।

বন্‌ধের সমর্থনে এ দিন সকাল থেকে রাস্তায় নামেন বিজেপির কর্মী-সমর্থকেরা। রাঁচীর বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন তাঁরা। পুলিশ সূত্রে ‘ইন্ডিয়া টুডে’ জানাচ্ছে, রাঁচীর কাঙ্কে রোডে সিএমপিডিআই গেটের কাছে, কিশোরগঞ্জে, আরগোরায় এবং কাঙ্কে এলাকায় পথ অবরোধ হয়। রাঁচীর নিউক্লিয়াস মল, হারমু চক এবং কিশোরগঞ্জ চকের কাছে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বন্‌ধ সমর্থনকারীরা। তার জেরে স্বাভাবিক জনজীবন কিছুটা বিঘ্নিত হয়। বিক্ষোভস্থলে পুলিশের সঙ্গে বিজেপির কর্মী-সমর্থকদের ধস্তাধস্তিও হয়।

অন্য দিকে ঝাড়খণ্ডের রামগড় জেলাতেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। রাঁচী-পটনা সংযোগকারী ৩৩ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। সকাল থেকে রাস্তার উপরে বসে পড়েন বন্‌ধের সমর্থনকারীরা। তার জেরে চার লেনের জাতীয় সড়কে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা ধরে অবরোধ চলার পরে শেষে পুলিশ হস্তক্ষেপ করে। সেখান থেকেও আটক করা হয় বন্‌ধ সমর্থনকারীদের।

এ দিনের বন্‌ধে রাঁচী-সহ ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জায়গায় মিশ্র প্রভাব দেখা গিয়েছে। ‘ইন্ডিয়া টুডে’ অনুযায়ী, রাজ্যের বেশ কিছু এলাকায় স্কুল এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ ছিল। রাস্তাঘাটে গাড়িও তুলনামূলক কম ছিল। তবে বিজেপির এই কর্মসূচির থেকে আপাতত দূরত্বই রাখছেন আন্দোলনকারীরা ছাত্র-যুবরা। আন্দোলনকারীদের দাবি, তাঁদের দাবিদাওয়াকে কেউ সমর্থন করলে তা স্বাগত। তবে তাঁরা কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবেন না। মঙ্গলবার দুপুরে নিজেদের মধ্যে বৈঠকে বসার কথা আন্দোলনকারী ছাত্র-যুবদের। ওই বৈঠকেই পরবর্তী কর্মসূচি স্থির হবে। তাঁদের দাবি, এ বার তাঁরা শুধুমাত্র মুখ্যমন্ত্রী হেমন্তের সঙ্গেই আলোচনায় বসবেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ