নিম্নচাপ কেটে গেলেও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
বিশেষ প্রতিনিধি : নিম্নচাপ কেটে গেলেও উত্তরবঙ্গে বৃষ্টি যেমন রবিবার সোমবার হবে একই রকম ভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া ভালো থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট তেমন থাকবে না। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই এই দু’দিন আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি। তবে মঙ্গলবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এ ছাড়া, বুধবার থেকে দক্ষিণের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে। কলকাতায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ঝড়বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত।

রবিবার থেকেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়িতে তা শনিবার পর্যন্ত এবং আলিপুরদুয়ারে বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে। এ ছাড়া, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে।
হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর নতুন করে কোনও নিম্নচাপ অঞ্চল এই মুহূর্তে নেই। তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। বর্ষা চলছে। সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। সেই কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

