মথুরার শাহী ইদগাহ মসজিদের সার্ভের আর্জিতে সায় হাইকোর্টের
বাংলার জনরব ডেস্ক : তিন রাজ্যে অপ্রত্যাশিত জয়ের পর এবার বিজেপির নিশানায় উত্তরপ্রদেশের মথুরার শাহী ইদগাহ মসজিদ। আরএসএস সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি দাবি করে আসছিল যে মধুরাজ শাহী ইদগাহ মসজিদ সংলগ্ন এলাকায় শ্রীকৃষ্ণের আসল জন্মস্থান। এই এলাকা সার্ভে করার আবেদন জানিয়েছিল কয়েক সংগঠন তাতে সায় দিল উচ্চ আদালত। আগামী সোমবার সার্ভের প্যানেল গঠন করবে উচ্চ আদালত।
আধ্যাত্মিক শহর মথুরায় রয়েছে বেশ কয়েকটি প্রাচীন মন্দির । হিন্দুদের বিশ্বাস, ওই জায়গাটি শ্রীকৃষ্ণের জন্মস্থান। সেই মন্দির চত্বরেই রয়েছে শাহি ঈদগাহ মসজিদ। ইতিহাসবিদদের একাংশের দাবি, প্রাচীন কেশবনাথ মন্দির ভেঙেই মসজিদটি তৈরি করেন ঔরঙ্গজেব। ১৯৩৫ সালে ওই মন্দির চত্বরের মালিকানা মথুরার রাজার হাতে সঁপে দেয় এলাহাবাদ হাই কোর্ট। পর্যায়ক্রমে সেই সত্ব বর্তায় বিশ্ব হিন্দু পরিষদের ঘনিষ্ঠ শ্রী কৃষ্ণভূমি ট্রাস্টের হাতে। ফলে স্বাভাবিকভাবেই দুই ধর্মের মানুষের মধ্যে তৈরি হয় সংঘাত।

অবশেষে ১৯৬৮ সালে এক চুক্তির মাধ্যমে জমির মালিকানা হিন্দুদের হাতে থাকলেও মসজিদটির রক্ষণাবেক্ষণ করার অধিকার পায় মুসলিম পক্ষ। এই মসজিদ নিয়ে হাইকোর্টের নির্দেশে সার্ভে প্রক্রিয়া শুরু হলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয় ।

