দেশ 

লোকসভার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যসভার অধিবেশন থেকে বহিষ্কৃত ডেরেক ও’ব্রায়েন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : লোকসভায় বহিরাগতদের প্রবেশ এবং রং বোমা হানার ঘটনা নিয়ে নিরাপত্তার প্রশ্নে রাজ্যসভায় চেয়ারম্যানের সঙ্গে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এরপরেই অসংসদীয় আচরণের জেরে তাকে রাজ্যসভা থেকে বহিষ্কার করেন চেয়ারম্যান জগদীপ ধনকড় ।বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় শীতকালীন অধিবেশনের জন্য তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে সাসপেন্ড করে দিলেন।

গত ২৮ মে বিপুল সমারোহে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সাত মাসের মাথাতেই যাবতীয় সুরক্ষার বেড়াজাল টপকে কী ভাবে চার বিক্ষোভকারী গ্যাস-ক্যানিস্টার নিয়ে ভবনের সংরক্ষিত এলাকায় পৌঁছে গেলেন, এমনকী তাঁদের মধ্যে দু’জন লোকসভার অধিবেশনে ঢুকে দর্শক আসন থেকে ফ্লোরে ঝাঁপ মারার সুযোগ পেলেন, তা নিয়ে লোকসভা এবং রাজ্যসভায় সরব হন বিরোধীরা জোট ‘ইন্ডিয়া’র সাংসদেরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে ওয়েলে নেমে স্লোগান তোলেন তাঁরা।

Advertisement

বিরোধীদের স্লোগানের জবাবে পাল্টা আওয়াজ ওঠে ট্রেজারি বেঞ্চ থেকেও। তুমুল অশান্তির জেরে মুলতুবি হয় দু’কক্ষের অধিবেশন। রাজ্যসভায় ধনকড়ের সঙ্গে বাক্যবিনিময় হয় ডেরেকের। ধনকড় ওয়েলে নেমে স্লোগান না তুলে আসনে ফেরার নির্দেশ দিলেও ডেরেক তা মানেননি। এর পর তৃণমূলের সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা করে রাজ্যসভার চেয়ারম্যান বলেন, ‘‘আপনি আমার চেয়ারকে অবমাননা করছেন। এমন আচরণে আমি স্তম্ভিত।’’

প্রসঙ্গত, গত অগস্টে রাজ্যসভার বাদল অধিবেশনের সময় ‘চেয়ারম্যানকে অসম্মান এবং বিশৃঙ্খলা সৃষ্টি’র অভিযোগে ডেরেককে সাসপেন্ড করেছিলেন ধনকড়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ