পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে ‘দিদির দূত’ মন্ত্রীর সামনে আক্রান্ত অভিযোগকারী, ক্ষমা চাইলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ
বাংলার জনরব ডেস্ক : দিদির দূতের কাছে অভিযোগ জানাতে গিয়ে মন্ত্রীর সামনেই চড় খেতে হল অভিযোগকারীকে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকায়। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনেই স্থানীয় তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন স্থানীয় যুবক সাগর বিশ্বাস। অভিযোগ, মন্ত্রীর কাছে অভিযোগ জানাতে এলে প্রথমে তৃণমূল কর্মীদের কাছে শাসানি জোটে। পরে তাঁকে কষিয়ে থাপ্পড়ও মারেন এক স্থানীয় কর্মী। পরে ধাক্কা দিতে দিতে ঘটনাস্থল থেকে বারও করে দেওয়া হয় সাগরকে।
অভিযোগ, সংবাদমাধ্যমের সামনে আক্রান্ত যুবক যাতে কোনও কথা না বলেন তা নিয়েও ওই তৃণমূল কর্মীরা সাগরকে হুমকি দেন। যদিও পরে সাংবাদিকদের কাছে নিজের ক্ষোভ উগরে দেন তিনি। প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে আক্রান্ত যুবকের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন মন্ত্রী রথীন।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট সামনে রেখে ডাকা দলীয় সভায় বাংলার ১০ কোটি মানুষের সুবিধা-অসুবিধার কথা জানতে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির ঘোষণা করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানানো হয়, এই কর্মসূচির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন ‘দিদির দূত’।
অভিষেকের ঘোষণা অনুসারে গত কয়েক দিনে মানুষের সঙ্গে কথা বলতে সারা বাংলার বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন জনপ্রতিনিধিরা। বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভের মুখেও পড়তে হয় ‘দূত’ শতাব্দী রায়, অর্জুন সিং, কুণাল ঘোষ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়দের। তবে অভিযোগ জানাতে গিয়ে ‘ দিদির দূত’-এর সামনেই তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার এই প্রথম কোনও ঘটনা প্রকাশ্যে এল।

