কলকাতায় এলেন নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস,বিমান বন্দরে স্বাগত জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম, মুখ্য সচিব ও ডিজিপি
বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় কলকাতায় পৌঁছলেন বাংলার নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্যের ডিজিপি।
কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বাংলার নতুন রাজ্যপালের বিমান অবতরণ করে। তার পরেই তিনি বিমানবন্দর থেকে গাড়িতে রওনা হন। তবে তাঁর গন্তব্য রাজভবন কি না, তা জানা যায়নি। সূত্রের খবর, বুধবারই বাংলার নতুন এবং স্থায়ী রাজ্যপাল হিসাবে শপথ নেবেন আনন্দ। তাঁকে শপথবাক্য পাঠ করানোর কথা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের।
৫ দিন আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশ করা হয়েছিল তাঁর নিয়োগের চিঠি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ সাক্ষরিত সেই চিঠিতে স্পষ্ট লেখা ছিল, ‘‘সি ভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। তিনি যে দিন থেকে দায়িত্ব নেবেন সেই দিন থেকেই এই নির্দেশ কার্যকর হবে।’’ সেই নোটিসের ঠিক পাঁচ দিনের মাথায় দায়িত্ব নিতে কলকাতায় এসে পৌঁছলেন আনন্দ। বিমানবন্দরে উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানান ফিরহাদ।
বাংলার নতুন রাজ্যপালকে স্বাগত জানিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘‘নতুন রাজ্যপালকে নিয়ে আমাদের অনেক আশা। ওঁর সম্পর্কে যা শুনেছি, তাতে মনে হয় উনি দারুণ কাজ করবেন। অন্য দিকে, এক সাক্ষাৎকারে আনন্দ জানিয়েছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় গুরুত্ব দিয়েই কাজ করবেন।

