রবিবার থেকে পাউন্ড পিছু পাউরুটির দাম বাড়ছে ৪ টাকা জানিয়ে দিল বেকারি মালিক সংগঠন
বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন ঠিক তখনই পাউন্ড পিছু পাউরুটির দাম চার টাকা বাড়িয়ে দিল তৃণমূল বিধায়ক ইদ্রিস আলীর বেকারি মালিক সংগঠন। একতরফা এই মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু ।
আজ শুক্রবার পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক বিধায়ক ইদ্রিস আলী সাংবাদিক বৈঠকে জানিয়েছেন,পাউরুটি প্রস্তত করার জন্য যে সমস্ত কাঁচামালের দরকার হয় (যেমন ময়দা, চিনি ,ঘি, জ্বালানী ইত্যাদি) তার অস্বাভাবিক ভাবে দাম বৃদ্ধির জন্য আমরা বেকারী শিল্পকে বাঁচাতে, পাউরুটির দাম বৃদ্ধি করতে বাধ্য হলাম। কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে উদাসীন।
পশ্চিমবঙ্গের বাইরে থেকে প্রায় সব ময়দা আমাদের কিনতে হয়। কেন্দ্রীয় সরকারের উদাসীনতার জন্য প্রত্যেক দিনই ময়দা, আটার দাম অস্বাভাবিকভাবে দাম বাড়ছে।এর আগে 2রা জানুয়ারি 2022, যখন আমরা পাউরুটির দাম বাড়িয়েছিলাম(প্রতি 400গ্রাম পাউরুটির দাম 24 টাকা থেকে 28 টাকা হয়েছিল)তখন ময়দার দাম ছিল প্রতি কুইন্টাল এ 2500 টাকা। আজ 18ই নভেম্বর 2022, ময়দার দাম কুইন্টাল প্রতি 2500টাকা থেকে বেড়ে 3350 টাকা হয়েছে অর্থাৎ প্রতি কুইন্টাল 850 (সাড়ে আট শো) টাকা বেড়েছে ,যা ইতিপূর্বে কোন দিন হয়নি। সমস্ত কাঁচামাল সহ খরচার হিসাব করলে
প্রতি 400 গ্রাম পাউরুটির দাম 4টাকা চেয়েও বেশি বাড়ে। কিন্তু আমরা সবদিকটা চিন্তা করে আপতত: প্রতি 400 গ্রাম পাউরুটির দাম 4 টাকা করে বাড়াচ্ছি।সমভাবে 200 গ্রাম পাউরুটির দাম বর্তমানে 14টাকা থেকে বেড়ে 16 টাকা হবে ,আগামী রবিবার থেকে। বর্তমান 100 গ্রাম পাউরুটির দাম 7.50 টাকা। সেটা আগামী রবিবার থেকে বেড়ে সাড়ে আট টাকা হবে।
সম্পাদক বিধায়ক ইদ্রিস আলী আরো জানান, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গেই পাউরুটির দাম সবচেয়ে কম। দিল্লীতে পাউরুটির দাম বর্তমানে প্রতি 400 গ্রাম 40টাকা, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড,বিহারে প্রতি 400 গ্রাম পাউরুটির দাম 35 টাকা।ব্যাঙ্গালোর এবং চেন্নাই এ বর্তমানে প্রতি 400 গ্রাম পাউরুটির দাম 50 টাকা। জনসাধারণের কথা চিন্তা করে এবং বেকারী শিল্পকে বাঁচাতে আমরা পাউরুটির দাম বৃদ্ধি করতে বাধ্য হলাম। উল্লেখ থাকে কেক, বিস্কুট ইত্যাদির ও দাম এই পরিমানে বাড়ছে।

