Sadhan Pande passes away: কলকাতার অপরাজিত বিধায়ক, রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পাণ্ডে প্রয়াত
বাংলার জনরব ডেস্ক : টানা কয়েক মাস জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করার পর হার মানলেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে । একইসঙ্গে একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল । মৃত্যু কালৈ তাঁর বয়স হয়েছিল ৭১ বছর ।
গত বছর জুলাই মাসের মাঝামাঝিতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাধন। ফুসফুসের সংক্রমণে আক্রান্ত মন্ত্রীকে ১৬ জুলাই রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তখন তিনি অনেকটাই সংজ্ঞাহীন। কয়েক দিন ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। সেপ্টেম্বরে মুম্বইয়ের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হল তাঁর। দীর্ঘদিনের সতীর্থ সাধনের মৃত্যুর খবর দিয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ক্রেতা সুরক্ষা দফতরের পাশাপাশি রাজ্যে স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দফতরেরও মন্ত্রী ছিলেন সাধন। তাঁর অসুস্থতার জন্য গত অগস্ট মাসে ওই দু’টি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়কে। তবে সুব্রতের আচমকা মৃত্যুতে ফের হাতবদল হয় ওই দুই দফতরের। সাধনকে অবশ্য দফতরহীন মন্ত্রী রেখে দেন মুখ্যমন্ত্রী মমতা।

