ঘোলায় দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু, ভাইকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে খুন দাদা
এস রোজলিন : কলকাতা: দুই গোষ্ঠীর সংঘর্ষে মর্মান্তিক পরিণতি। ভাইকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের ছুরির আঘাতে প্রাণ হারালেন দাদা। ঘটনাটি ঘটেছে ঘোলা থানার অন্তর্গত মুরাগাছা এলাকায়। মৃতের নাম শিবশঙ্কর দাস ওরফে বাপ্পা। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে মুরাগাছা এলাকার একটি পানশালার বাইরে দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে মারপিট শুরু হয়। সেই সংঘর্ষে জড়িয়ে পড়েন ঘোলা উত্তর যোগেন্দ্রনগরের বাসিন্দা বাবুসোনা দাস।
পরিস্থিতি বেগতিক বুঝে বাবুসোনা তাঁর দাদা শিবশঙ্করকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলেন। ভাইয়ের ফোন পেয়ে দ্রুত পানশালার সামনে পৌঁছন শিবশঙ্কর। অভিযোগ, তখন দুষ্কৃতীরা বাবুসোনাকে রাস্তায় ফেলে মারধর করছিল।
ভাইকে বাঁচাতে এগিয়ে যেতেই দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন শিবশঙ্কর। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে পেটে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এর পরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘোলা থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখে সংশ্লিষ্ট পানশালাটি বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে তদন্তকারী দল।

