মাঝরাতে মালদহের চাঁচল থানায় ভয়াবহ আগুন, পুড়ল মালখানা ও কম্পিউটার রুম
এস রোজলিন: কলকাতা: গভীর রাতে থানার ভিতরেই অগ্নিকাণ্ড। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের চাঁচলে।
জানা গিয়েছে, মাঝরাতে হঠাৎই চাঁচল থানার মালখানা ঘর ও কম্পিউটার রুমে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের একাধিক ঘরে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা থানা চত্বর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে আরও একটি ইঞ্জিন আনা হয়। শেষ পর্যন্ত দমকলকর্মী, পুলিশকর্মী ও স্থানীয় বাসিন্দাদের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়, তদন্ত শুরু করেছে পুলিশ।
আগুন ছড়ানোর আগেই তড়িঘড়ি থানার গুরুত্বপূর্ণ নথি, কেস ডায়েরি, কম্পিউটার ও অন্যান্য সামগ্রী বাইরে বের করে আনা হয়। ফলে বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে এই অগ্নিকাণ্ডে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

