গুরুতর অসুস্থ দাউদ ইব্রাহিম ভর্তি পাকিস্তানের হাসপাতালে
বাংলার জনরব ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে পাকিস্তানের করাচির এক হাসপাতালে ভর্তি দাউদ ইব্রাহিম। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, দাউদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে মুম্বই পুলিশও। তাঁরা দাউদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানা গিয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলিতে দাবি, করাচির হাসপাতালে কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে দাউদকে। হাসপাতালের যে অংশে তিনি আছেন, সেখানে আর কোনও রোগীকে রাখা হয়নি। কাউকে ধারেকাছে যেতেও দেওয়া হচ্ছে না। সূত্রের খবর, গত দু’দিন ধরে হাসপাতালে রয়েছেন দাউদ।
৬৫ বছরের দাউদ হঠাৎ কেন অসুস্থ হয়ে পড়লেন, তাঁর বয়সজনিত শারীরিক সমস্যা দেখা দিয়েছে কি না, সমাজমাধ্যমে তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। অনেকেই বলছেন, দাউদকে বিষ খাওয়ানো হয়েছে। সেই কারণেই তিনি গুরুতর অসুস্থ। যদিও এই খবর নিশ্চিত করা হয়নি কোনও তরফে। পাক সংবাদমাধ্যমেও বিষপ্রয়োগের তথ্য নিয়ে জল্পনা রয়েছে। কর্তৃপক্ষের মুখে কুলুপ।

