কলকাতা 

তোলাবাজির অভিযোগে গ্রেফতার মমতা পন্থী তৃণমূল বিধায়কের ভাই!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ইটাহারের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মোশরাফ হোসেনের ভাই মোজাফফর হোসেনকে গ্রেফতার করলো পুলিশ। বিধায়কের ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ঠিকাদারদের কাজ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করেছে জোর করে জমি দখলসহ একাধিক মামলা তার বিরুদ্ধে রয়েছে। শনিবার রাতে তাকে যে গ্রেফতার করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য ইটাহার থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পুলিশি জেরায় অনেক অসংগতি পাওয়া গেছে যদিও বিধায়কের পক্ষ থেকে দাবি করা হয়েছে তার ভাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার।।

মোজাফফর হোসেন যুব তৃণমূল ব্লক সভাপতির দায়িত্বে ছিলেন। বাড়ি ইটাহার থানায় জয়হাটের চেকপোস্ট এলাকায়। স্থানীয়দের দাবি, পূর্বতন তৃণমূল সরকারের আমলে আশ্চর্যজনকভাবে তাঁর উত্থান ঘটে। এমনকী জেলাজুড়ে ছিল ব্যাপক প্রভাব। সেই প্রভাব খাটিয়ে ধৃত মোজাফফরের বিরুদ্ধে একের পর এক এলাকায় জমি দখলের অভিযোগ সামনে আসে। শুধু তাই নয়, পঞ্চায়েত সমিতির ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তোলা আদায়েরও অভিযোগ রয়েছে। এই মর্মে আগেই স্থানীয় ইটাহার থানায় মোজাফফরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কিন্তু সেই সময় কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই দাবি।

কিন্তু রাজ্যের মসনদে বদল আসতেই মমতাপন্থী তৃণমূল বিধায়ক মোশারফের ভাইয়ের বিরুদ্ধে তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে বেশ কিছু তথ্য হাতে আসে। এরপরেই শনিবার রাতে মালদহের গাজল ও উত্তর দিনাজপুরের ইটাহার সীমানা সংলগ্ন একটি এলাকা থেকে প্রথম মোজাফফরকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। তারপর রাতভর জিজ্ঞাসাবাদ করে রবিবার সকালে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, ধৃতকে এদিন রায়গঞ্জ জেলা আদালতে তোলা হবে। শুধু তাই নয়, নিজেদের হেফাজতে নেওয়ার জন্যে আবেদনও জানাবে পুলিশ।

তবে ভাইয়ের গ্রেফতারে চক্রান্ত রয়েছে বলে দাবি দাদা তথা ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের। তাঁর দাবি, “আমার ভাই আগেই জামিন নিয়েছিল। কিন্তু তারপরও চক্রান্ত করে গ্রেফতার করা হল।” যদিও বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, ”জোরজবরদস্তির জমি দখল করলে তো প্রশাসন চুপ থাকবে না। তাছাড়া খুন করার চেষ্টা, টাকা তোলা আছেই। আইনের শাসন তো হবেই। তাই গ্রেফতার হয়েছে।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ