আমেরিকার মদতে ইসরাইল গাজায় গণহত্যা ও বর্বরতা চালাচ্ছে : রাশিয়া
বাংলার জনরব ডেস্ক : গাজার নিরীহ নিরস্ত্র অসহায় নারী শিশুর উপর নির্বিচারে বোমা বর্ষণের জন্য ইসরাইলের তীব্র নিন্দা করল রাশিয়া। আমেরিকার সময়মতো বুধবার জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রসঙ্ঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, আমেরিকার সম্পূর্ণ মদতে ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে। ইসরাইলকে বর্বরতার সুযোগ করে দিয়েছে আমেরিকা।
তিনি আরো বলেন, ইসরাইল যেহেতু দখলদার শক্তি সে জন্য তার নিজেকে রক্ষার কোনো অধিকার নেই। এর পাশাপাশি ইসরাইল-ফিলিস্তিন বিরোধ নিষ্পত্তির আগে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আরব রাষ্ট্রগুলোর প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, পুরো অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকানোর জন্য এই রক্তপাত দ্রুত বন্ধ হওয়ার জরুরি; তা না হলে কখনো এই সংঘাত থামানো যাবে না। হামাসের হাতে বন্দীদের মুক্তিসহ চলমান সংকটের কূটনৈতিক সমাধানের জন্য মধ্যস্থতাকারীদের কাজ করার সুযোগ দেয়ার দাবি জানান তিনি। ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইহুদি সম্প্রদায়ের লোকজন কয়েক শতাব্দী ধরে দুঃখ-কষ্টের মধ্যে ছিল। ফলে সাধারণ মানুষের ভোগান্তি তারাই সবচেয়ে ভালো বুঝবে।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চলমান বর্বর আগ্রাসনের জন্য তিনি সরাসরি আমেরিকাকে দায়ী করেন। নেবেনজিয়া বলেন, জাতিসংঘে রাশিয়ার তোলা যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়ে আমেরিকা ইসরাইলকে এই বর্বরতা চালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে

