নির্মলার বাজেটে হতাশ মধ্যবিত্ত সমাজ
বাংলার জনরব ডেস্ক: দেশের ভেঙেপড়া অর্থনীতিকে চাঙ্গা করার শপথ নিয়ে মঙ্গলবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু মধ্যবিত্তদের প্রত্যাশা পূরণ করতে তিনি পারেননি আয় করে কোন ছাড় দিলেন না।
এদিন সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, প্রত্যক্ষ কর ব্যবস্থার সংস্কার করা হবে। করদাতারা ২ বছরের মধ্যে আপডেট রিটার্ন ফাইল করতে পারেন। ভুল সংশোধন করে ২ বছরের মধ্যে এই আপডেট রিটার্ন ফাইল করতে পারবেন করদাতারা। নির্মলা বলেন, “দেশের সব করদাতাদের সম্মান জানাই। প্রত্যক্ষ কর প্রদান পরিষেবার সরলীকরণ করা হবে। অ্যাসেসমেন্ট ইয়ার থেকে দু’বছর পর্যন্ত রিন্টার্ন ফাইলের ভুল শোধরানোর সুবিধা মিলবে। সেক্ষেত্রে আপডেটেড রিটার্ন ফাইল করা যাবে। বিশেষভাবে সক্ষমদের জন্য আয়কর ছাড়ের ব্যবস্থা রয়েছে।” তিনি আরও জানান, কর্পোরেট ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। ডিজিটাল সম্পত্তি ও সেখান থেকে আয়েও দিতে হবে কর। সেক্ষেত্রে কর দিতে হবে ৩০ শতাংশ। জাতীয় পেনশন প্রকল্পে করছাড় বেড়ে হল ১৪ শতাংশ।
বিশ্লেষকদের মতে, গতিশক্তি থেকে শুরু করে শিল্পোন্নয়নে জোর দিয়ে কর্মসংস্থা বাড়িয়ে তুলতে চাইছে সরকার। আগামিদিনে, সেই প্রচেষ্টা যে ফলপ্রসূ হতে চলেছে, তার কিছুটা ইঙ্গিত মিলেছে অর্থনৈতিক সমীক্ষায়। কিন্তু মধ্যবিত্ত শ্রেণিকে আয়কর ছাড় দিয়ে বাজারে চাহিদা বাড়ানোর চেষ্টা করবে কেন্দ্র বলেও মনে করা হচ্ছিল। কিন্তু নির্মলার বাজেটে ব্যক্তিগত কর কাঠামো অপরিবর্তিতই থাকল।

