বিহারের সরকারি চাকরিতে ৩৫% মেয়েদের সংরক্ষণ থাকবে ঘোষণা নীতিশ কুমারের
বাংলার জনরব ডেস্ক : বিহারের সরকারি চাকরিতে এবার থেকে বিহারের বাসিন্দা মেয়েদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণ থাকবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।নীতীশ বলেন, “মহিলা চাকরিপ্রার্থী, যাঁরা বিহারের আসল বাসিন্দা, তাঁদের জন্য রাজ্য সরকারের সমস্ত ধরনের পদে বিশেষ ৩৫ শতাংশ সংরক্ষণ থাকবে।”
মঙ্গলবার মহিলাদের সংরক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণার আগে পটনায় মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন নীতীশ। ওই বৈঠকেই এই সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক সিলমোহর পড়ে। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, বিহারের যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করতে বিহার যুব কমিশন গঠন করা হবে। বিহারের যুবসমাজকে চাকরির জন্য প্রশিক্ষণ দেওয়ার কাজ করবে এই কমিশন। তা ছাড়া যুবসমাজের শিক্ষা, চাকরিবাকরির বিষয়টি দেখভাল করার পাশাপাশি তাদের উন্নতির বিষয়ে সরকারকে পরামর্শ দেবেন কমিশনের সদস্যেরা।
সপ্তাহদুয়েক আগেই বিহারে বিধবা এবং বয়স্কদের পেনশন বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন নীতীশ। এত দিন বিহারে বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকেরা সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে মাসে ৪০০ টাকা করে পেতেন। সম্প্রতি তা বাড়িয়ে ১১০০ টাকা করা হয়। অর্থাৎ, এক লপ্তে ৭০০ টাকা ভাতা বাড়িয়ে দেওয়া হয়।

