জেলা 

কৃষকদের মেহনতে আমাদের বেঁচে থাকা, চাষী ভাইদের নিয়ে কৃমি সচেতনতা দিবস উদযাপন

শেয়ার করুন

নায়ীমুল হক : গত ৭ই জুলাই ছিল কৃমি সচেতনতা দিবস। এদিন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের (ইউ. বি. কে.ভি) মঝিয়ান কলেজের কনফারেন্স হলে, উদ্ভিদ ও প্রাণী দেহে কৃমি সমস্যা ও তার প্রতিকার নিয়ে বিশিষ্ট কৃষি বিজ্ঞানীদের সঙ্গে চাষী ভাইদের এক খোলামেলা কথোপকথনের আয়োজন করেছিল অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট ইন প্ল্যান্ট প্রোটেকশন (এ.এ.পি.পি) এবং ইউ.বি.কে.ভি। সংস্থার সচিব বিশিষ্ট কীট তত্ত্ববিদ অধ্যাপক শান্তনু ঝা বলেন, দু দশক ধরে আমরা চাষী ভাইদের সঙ্গে সরাসরি বসছি, তাদের সমস্যার কথা শুনছি এবং সাধ্যমত আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আসলে আমরা তো তাদের মেহনতে ফলানো ফসল খেয়েই জীবনধারণ করছি। তাদের পরিশ্রম ছাড়া আমাদের অস্তিত্ব কোথায়! বিশ্বের যেদিকে তাকাই না কেন প্রতিটি মানুষের জীবন কৃষকদের নিরলস প্রচেষ্টার উপর নির্ভরশীল। তাদের নিরন্তর সংগ্রাম আমাদের বাঁচিয়ে রাখে। মাটি, বীজ আর জলের সাথে চাষী ভাইদের যে লড়াই, সেখানে যে চ্যালেঞ্জের সম্মুখীন হয় তারা, তাদের পাশে থাকতেই আমাদের এই চেষ্টা-প্রচেষ্টা। এবার কৃমি সচেতনতা দিবস উদযাপনের কুড়ি তম বর্ষ । এ বছরের স্থান নির্বাচনে কৃষি নির্ভর এই দক্ষিণ দিনাজপুর জেলা সেই কারণে অগ্রাধিকার পেয়েছে। এই কলেজের সুন্দর ব্যবস্থাপনায় ৮০ জন চাষী ভাইদের নিয়ে এই আয়োজনে ধান, পাট, ফল, ফুল, সবজি চাষ সহ বিভিন্ন চাষাবাদে কৃমি সমস্যা ও তার নিয়ন্ত্রণ নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড.শিবির কুমার লাহা, অধ্যাপক মতিয়ার রহমান খান ও ড.বিবেক নন্দ গুপ্ত। উদ্ভিদ, মানুষ, অন্যান্য প্রাণী এবং পরিবেশের স্বাস্থ্য সুরক্ষার বিষয় আসে এই আলোচনায। শস্যের রোগ সৃষ্টিকারী কৃমি সমস্যা এবং মানুষের শরীরে পরজীবী কৃমি সমস্যা ও আলোচিত হয়। এই সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় সতর্কতা এবং সমাধান নির্দেশিত হয়। সার্বিকভাবে এই আলোচনা চাষির স্বাস্থ্য, শস্যের ও পরিবেশ স্বাস্থ্য সচেতনতার মধ্যে আবর্তিত হয়।

এছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শস্য, উদ্যান, উদ্ভিদ রোগ এবং অন্যান্য বিজ্ঞানী, সরকারি কৃষি আধিকারিক। শস্য চাষে সমস্যা এবং শস্যে কৃমি ও রোগ পোকা নিয়ন্ত্রণ সংক্রান্ত চাষী ভাইদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড.জ্যোতির্ময় কারফর্মা, ড.অমিত চট্টোপাধ্যায়, ড.তন্ময় সাহা, ড.রাজীব দাস, অধ্যাপক চম্পক কুমার কুন্ডু, ড. অশোক তরফদার, অধ্যাপক কমল কুমার মন্ডল, অধ্যাপক সুজিত কুমার রায় প্রমূখ। চাষী ভাইদের নিয়ে সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন ড.ভিক্টর ফণী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ