পহেলগামে আতঙ্কবাদীদের হাতে শহিদ ঝন্টু আলি শেখের বাড়িতে এসডিপিআই প্রতিনিধি দল
বিশেষ প্রতিনিধি : কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে শহিদ হন নদিয়া জেলার তেহট্টের বাসিন্দা, ভারতীয় সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ইউনিটের জওয়ান ঝন্টু আলি শেখ। দীর্ঘ ১৪ বছর তিনি দেশের সেবায় নিযুক্ত ছিলেন।
আজ তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা ও সহমর্মতা জানাতে তাঁদের বাড়ি যান এসডিপিআই-এর রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাঃ কামাল বাসিরুজ্জামান এবং সাংগঠনিক সাধারণ সম্পাদক সুমন মন্ডল, নদিয়ার জেলা সহ সভাপতি আসাদুল সেখ।

এই প্রেক্ষাপটে রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম বলেন, “যখন গোটা দেশ বিভাজনের রাজনীতিতে উত্তাল, তখন শহিদ ঝন্টু আলি শেখ স্মরণ করে দিলেন দেশের স্বাধীনতা ও নিরাপত্তায় মুসলিমদের রক্তের অবদান। একদিকে শহিদদের ধর্ম নিয়ে রাজনীতি চলছে, অন্যদিকে একজন মুসলিম সৈনিক দেশের জন্য নিজের প্রাণ দিয়ে প্রমাণ করেছেন, তিনি শুধুই একজন ভারতীয় বীর।”

তিনি আরও বলেন, “শহিদদের রক্ত বিভাজনের হাতিয়ার নয়, তা দেশের ঐক্যের প্রতীক হওয়া উচিত। যারা এই আত্মত্যাগকে রাজনীতির রঙে রাঙাতে চায়, তাদের নোংরা মানসিকতা ধ্বংস হোক।” তিনি স্পষ্টভাবে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করে বলেন— পহেলগামে শহিদ হওয়া বিতানের সন্তানকে কোলে নিয়ে তিনি বলেছেন— হিন্দু হওয়ার জন্য হত্যা করেছে, অথচ আজ, ঝন্টু আলি শেখের মা, বাবা, স্ত্রীকে জিজ্ঞেস করা হলে তাঁরা গর্বের সাথে বলেন— একজন ভারতীয় বীর যোদ্ধা হওয়ার জন্য ঝন্টুকে শহীদ করেছে আতঙ্কবাদীরা, মুসলিম হিসেবে নয়। এখান থেকে স্পষ্ট দেশের বীর সেনা, সেনাদের পরিবার, আম নাগরিক, দেশের ইউনিটিকে মজবুত করার লক্ষ্যে নিজের জীবন দিতে প্রস্তুত। এমনি হাজার শহীদের রক্তে এ দেশের মাটি বারবার শিক্ত হয়েছে। দেশকে মজবুত করতে আবারো দেশের হিন্দু, মুসলিম, জৈন, খ্রিষ্টান, বৌদ্ধ, দলিত, আদিবাসী সবার এক হওয়ার প্রয়োজন আছে এই ফ্যাসিবাদীদের পরাজিত করতে।

