বহরমপুরের সলুয়াডাঙ্গা হাই স্কুলে সচেতনতামূলক সভা
নিজস্ব প্রতিনিধি:- আজ বহরমপুরের সলুয়াডাঙ্গা হাই স্কুলের ছাত্রীদের মধ্যে সাইবার ক্রাইম, নারীপাচার,বাল্যবিবাহ ও শিশু শ্রম বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন বহরমপুর উইমেন পুলিশ থানার ভারপ্রাপ্ত আধিকারিক এস আই ময়ূরী ঘোষ। বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত শিক্ষক মানারুল হক এবং মোস্তফা কামাল সহ অন্যান্য সহকারী শিক্ষকগণ।
ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ময়ূরী ঘোষ উপরোক্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করে ছাত্রীদের সচেতন করেন। তিনি বলেন, অল্প বয়সে মোবাইল ফোনে ছাত্র ছাত্রীদের হাতে চলে যাওয়ায় তার লাগামছাড়া ব্যবহার পড়ুয়াদের সর্বনাশ করছে। তাদের পড়াশোনার প্রতি অনীহার পাশাপাশি মোবাইলের প্রতি আসক্তি বেড়ে যাওয়ায় যাচ্ছে।

ইন্টারনেট সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে তারা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ভুলপথে ধাবিত হচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রামে অপরিচিতদের বন্ধু তালিকায় রেখে,তাদের বন্ধুত্ব গ্রহণ করে অনেক সময় অল্প বয়সের মেয়েরা বিপদের সম্মুখীন হতে পারে।। ফলে নারী পাচার সহ নানান ধরনের সাইবার ফাঁদ ওৎ পেতে থাকে।এর হাত থেকে কীভাবে রক্ষা পাওয়া সম্ভব তা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করে ছাত্রীদের সচেতন করেন।
বাল্যবিবাহ একটা সামাজিক অপরাধ।আঠারো বছর বয়সের আগেই মেয়েদের বিয়ে দিলে মেয়েদের বায়োলজিক্যাল যে যে সমস্যা হয় তা উল্লেখ করেন। পারিপার্শ্বিক পরিবেশের কারণে অনেক সময় বাবা মা তাদের সন্তানদের নিয়ে আতঙ্কে থাকেন। সমস্যা থেকে মুক্তি পেতে তারা অনেক সময় বাধ্য হয়ে অল্প বয়সে বিয়ে দিয়ে দেন । সেক্ষেত্রেও বিয়ের পরবর্তী মা এবং সন্তানের যে ক্ষতি হয় তা সুষ্ঠু সমাজ গঠনে বিরূপ প্রভাব পড়ে। এখন নিজেদের গড়ে তোলাই একমাত্র কাজ হওয়া উচিত। বাল্যবিবাহ রোধে ছাত্রীদের তিনি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়ে তার মোবাইল নাম্বার ছাত্রীদের দেন।
অনুষ্ঠান শেষে ছাত্রীদের সঙ্গে ওসি ময়ূরী ঘোষের মধুর আলাপ ছাত্রীদের মন জয় করে। তাদের আব্দারে ময়ূরী ঘোষ কয়েকটি ছবি তোলেন এবং তাদের মধ্যে বার্তা দেন যে পুলিশ সমাজের বন্ধু। পুলিশ সবসময় মানুষের জন্য মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত।

