অমর্ত্য সেন ভালো আছেন সুস্থ আছেন বাংলার জনরবকে জানালেন সমাজসেবী সাবির আহমেদ
বাংলার জনরব ডেস্ক : নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সুস্থ আছেন । মঙ্গলবার বিকেল নাগাদ কলকাতা থেকে প্রকাশিত একটি ডিজিটাল সংবাদ মাধ্যম খবর করে অমর্ত্য সেন নাকি মারা গেছেন। এই খবর প্রকাশিত হওয়ার পর সমগ্র দেশ জুড়ে আলোড়ন পরে যায়। তারপর বাংলার জনরবের পক্ষ থেকে অমর্ত্য সেনের সহযোগী বিশিষ্ট সমাজকর্মী সাবির আহমেদের সঙ্গে যোগাযোগ করা হয়। সাবির আহমেদ জানান অমর্ত্য সেন সুস্থ আছেন বহাল তবিয়তেই আছেন। তিনি ভালো আছেন। অন্যদিকে এদিনই কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার অনলাইনকে অমর্ত্য সেনের কন্যা নন্দনা সেন জানিয়েছেন জানিয়েছেন সোমবার রাত পর্যন্ত তিনি বাবার সঙ্গেই কাটিয়েছেন।
নন্দনা বলেন, ‘‘আমি অনুরোধ করছি, এ সব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভাল আছেন। সুস্থ আছেন। আমি কাল (সোমবার) রাত পর্যন্ত তাঁর সঙ্গেই ছিলাম।’’
মঙ্গলবার সন্ধ্যার আগে আচমকাই ছড়িয়ে পড়ে, অমর্ত্য প্রয়াত। সেই খবরের ‘সূত্র’ ছিল সদ্য অর্থনীতিতে নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিন। তাঁর ‘এক্স’ হ্যান্ডল থেকে বলা হয়, ‘মর্মান্তিক খবর! আমার প্রিয়তম অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে প্রয়াত হয়েছেন। ভাষা নেই!’
নন্দনা সঙ্গে সঙ্গেই জানান, অমর্ত্য ভাল রয়েছেন। তিনি বস্টনে রয়েছেন। নন্দনা রয়েছেন নিউ ইয়র্কে। নন্দনা বলেন, ‘‘এই গুজব ছড়ানো বন্ধ হোক। গত সপ্তাহটা আমরা বাবার সঙ্গেই ছিলাম। তাঁর সঙ্গেই কাটিয়েছি। তিনি একেবারেই সু্স্থ আছেন। প্রাণশক্তিতে ভরপুর রয়েছেন। নিজের নতুন বই নিয়ে ব্যস্ত রয়েছেন।’’
তার পরেই প্রশ্ন ওঠে, কেন হঠাৎ অমর্ত্যের মৃত্যু নিয়ে এই পোস্ট করলেন সদ্য নোবেলজয়ী ক্লডিয়া? তাঁর প্রথম পোস্টের ৪৫ মিনিট পর ফের দ্বিতীয় একটি পোস্ট করা হয় এক্স হ্যান্ডলে। সেখানে লেখা হয়, ‘এই অ্যাকাউন্টটি ভুয়ো। ইটালিয়ান সাংবাদিক টোমাসো ডেবেনেডেট্টি এই অ্যাকাউন্টটি তৈরি করেছেন।’ যদিও তত ক্ষণে ক্লডিয়ার পোস্টের উপর ভিত্তি করে বিভিন্ন সংবাদ মাধ্যমে অমর্ত্যের মৃত্যুর খবর প্রকাশিত হতে শুরু করে।
তবে অমর্ত্য সেনের সুস্থতার খবর বাংলা তথা ভারতের মানুষ জানতে পেরে অনেকটাই স্বস্তিবোধ করছে। কারণ ইতিমধ্যেই সমগ্র দেশ জুড়ে শোকে ছায়া নেমে এসেছিল। অমর্ত্য সেনের দীর্ঘ জীবনে তিনি সাধারন মানুষের জন্য যে কাজ করেছেন তা এক কথায় অনবদ্য।

