গুলিবিদ্ধ উত্তরপ্রদেশের দলিত নেতা চন্দ্রশেখর আজাদ
বাংলার জনরব ডেস্ক : গুলিবিদ্ধ হলেন উত্তরপ্রদেশের দলিত নেতা তথা ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ।আজ বুধবার বিকেলে সহারনপুরে তাঁর কনভয় লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলিশ সূত্রের খবর, গুলিবিদ্ধ চন্দ্রশেখরকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কয়েক জন হামলাকারী একটি সাদা গাড়িতে এসেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। তার চন্দ্রশেখরের গাড়ি লক্ষ্য করে মোট চার রাউন্ড গুলি চালায়। একটি বুলেট তাঁর পিঠে লাগে। তবে জখম গুরুতর নয় বলে পুলিশ সূত্রের খবর। সহারনপুর জেলা পুলিশের সিনিয়র সুপার (এসএসপি) বিপিন টডা বলেন, ‘‘দুষ্কৃতীদের খোঁজ চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’
চন্দ্রশেখরের গড়া সামাজিক সংগঠন ভীম আর্মি গত কয়েক বছরে বিভিন্ন রাজ্যে দলিত ও অনগ্রসরদের অধিকার রক্ষার লড়াইয়ে অংশ নিয়েছে। উত্তর ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন চন্দ্রশেখর। শাহিনবাগ সমাবেশে যোগ দিয়ে জেলেও গিয়েছিলেন।
বিজেপি পরিচালিত উত্তর প্রদেশ সরকার যে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে দিনের পর দিন তা আজকের ঘটনা আবার প্রমাণ করলো। দলিত নেতা চন্দ্রশেখর আজাদের মত একজন জনপ্রিয় ব্যক্তিত্বের নিরাপত্তায় যদি এতটাই খামতি থাকে তাহলে উত্তরপ্রদেশের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় রয়েছে তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে। পশ্চিমবাংলার বিজেপি নেতারা যখন মমতা সরকারের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে ঠিক তখনই উত্তরপ্রদেশের এই ঘটনা প্রমাণ করলো, আসলে বিজেপি শাসিত রাজ্য গুলিতে কোথাও আইন শৃঙ্খলা ভালো নেই।

