সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার শুভ সূচনা ১১ জানুয়ারি নন্দন চত্বরে
মৌসুমী বিশ্বাস : আগামী ১১ জানুয়ারি ২০২৩ সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি-র উদ্যোগে আকাদেমির রবীন্দ্র সদন প্রাঙ্গণে ১১-১৫ জানুয়ারি ২০২৩ সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিনের মেলা জমে উঠবে কোভিড পরবর্তী সময়ে। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির উদ্যোগে, পাঁচ দিন ব্যাপী সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা শুরু হচ্ছে রবীন্দ্র সদন-নন্দন-বাংলা আকাদেমি প্রাঙ্গণে।
লিটল ম্যাগাজিন মেলাসহ উৎসবের বিভিন্ন দিনে আকাদেমি প্রবর্তিত স্মারক বক্তৃতা, প্রদর্শনী, গান সহ আলোচনাসভা, কবিতা ও গল্প পাঠ এবং প্রাসঙ্গিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।
প্রায় ৫০০ জন কবি-লেখকের সম্মিলন। ৩৫০ লিটল ম্যাগাজিনের সম্ভার। “উদার আকাশ” লিটল ম্যাগাজিন মেলায় অংশ নিচ্ছে এবছরও। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতিদিন মেলায় অংশ নেওয়া লিটল ম্যাগাজিনের কর্মীদেরকে টিফিন, জল ও চা দেওয়ার আয়োজনও রাখছেন।
১৩ জানুয়ারি ২০২৩ কবিতা পাঠে আমন্ত্রণ জানানো হয়েছে কবি ও উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদকে। তিনি বাংলা আকাদেমি সভাঘরে কবিতা পাঠ করবেন ওইদিন। আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন বাসুদেব ঘোষ, সচিব, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি।
১১ জানুয়ারি সাহিত্য-পার্বণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি ও রাজ্য সরকারের উচ্চশিক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু।
এদিন ১৩ জন লেখককে নানা সাহিত্য পুরস্কার প্রদান করা হবে।
লিটল ম্যাগাজিনের উপর আলোচনা ও গ্রন্থ প্রকাশে বিশেষ আকর্ষণ থাকছে।

