ফের বোমাতঙ্ক মুম্বইয়ে, নিশানায় অমিতাভ বচ্চনের বাংলো জলসা, হাইকোর্ট, স্টক এক্সচেঞ্জ
এস রোজলিন:কলকাতা: ফের বোমাতঙ্ক মুম্বইয়ে। এবার নিশানায় বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের বাংলো জলসা, বম্বে হাইকোর্ট, বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ওরলি রেসকোর্স। এক হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মুম্বই নগরীতে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।
হুমকির উৎস খুঁজতে তৎপর নিরাপত্তা সংস্থাগুলিও। উল্লেখ্য, গত ২২ অক্টোবর মুম্বইয়ের একটি স্কুলে পাঠানো হুমকি ইমেলেও অমিতাভ বচ্চনের নাম উল্লেখ করা হয়েছিল। যদিও সেই সময় পুলিশ স্পষ্ট করেছিল, অভিনেতাকে সরাসরি কোনও হুমকি দেওয়া হয়নি। তবে সাম্প্রতিক ঘটনার পর রবিবার বাড়ির বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করার সময় অমিতাভকে কাচের নিরাপত্তার আড়ালে দেখা যায়। পাশে ছিলেন ছেলে অভিষেক বচ্চন।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। এই বোমাতঙ্ক ইমেলের পিছনে কার হাত রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

