জেলা 

নবী মোর পরশমণি  : স্মার্ট ক্লাস-এর উদ্যোগে ছোটদের রাসুলুল্লাহ (সা:)-স্মরণ

শেয়ার করুন

আলিয়া মল্লিক :       নূর-নবী এলো নেমে

স্বর্গের পথ-রেখা বাহি

এই ধূলির মর্ত-ভূমে…….

আরবের সেই জাহিলিয়াতের অন্ধকার চিরে আলোকবর্তিকা জ্বালিয়েছিলেন যে নূর-নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মর্ত-ভূমে তাঁর আগমনের দিন অর্থাৎ বারো রবিউল আউয়ালকে আরও স্মরণীয় করে রাখতে নানা ধরনের অনুষ্ঠান হয় । তেমনই এক আয়োজন ছিল রবিবার কলকাতার নিউটাউনে হাতিয়াড়ায়। ছোটরা সমবেত হয়েছিল রাসূলুল্লাহ-স্মরণে এক সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজনে।

স্মার্ট ক্লাসের উদ্যোগে সম্পূর্ণ ছোটদের পরিচালনায় আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। শিক্ষামূলক এই অনুষ্ঠানে উপস্থিত ছোটরা প্রত্যেকে উপস্থাপনা করে নবী জীবনের আদর্শ, নাতে রাসুল, হাদিস পাঠ, কবিতা আবৃত্তি, সীরাতে নববী। আর সমগ্র এই অনুষ্ঠানটি এক ফ্রেমে ধরে রাখা হয় একটি একাঙ্ক নাটিকার মাধ্যমে।

এদিনের অনুষ্ঠানে একটি ক্যালিগ্রাফি প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন ক্লাসের ছাত্র-ছাত্রীরা। তাদের জন্য সুদৃশ্য উপহারের ব্যবস্থা করা হয়। ছোটদের পরিচালনায় রাসুলুল্লাহ-স্মরণের এই অনুষ্ঠানে উৎসাহ দিতে এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা ও শিক্ষিকা সাইয়েদা কানিজ মুস্তাফা।

উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিওয়া সাল্লামকে অনেক প্রাচুর্যের মধ্যে রাখতে পারতেন। কিন্তু ঠিক এর উল্টো অবস্থাটা ছিল আমাদের প্রিয় নবীর (সা:)। অতি সাধারণ মানের জীবনযাপন ছিল তাঁর, কষ্ট করে নিজ হাতে যাঁতা ঘুরিয়ে দৈনন্দিন খাদ্য-খাবারের সরঞ্জাম প্রস্তুত করতে হতো তাঁর পরিবারকে। সারল্যে ভরা কষ্টের এই জীবন-ই হল আমাদের জন্য আদর্শ।

যারা নীতি-নৈতিকতা নিয়ে দৃঢ়তার সঙ্গে তা কষ্ট হলেও ধারণ করে জীবনে চলার শপথ নেয়, তারাই সঠিক পথে থাকতে পারে। তাদেরকেই মানুষ মনে রাখে। ইতিহাসে লেখা হয় তাদের নাম। যেমন আমাদের হৃদয়ে পরশমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহিওয়া সাল্লাম। আমরা প্রত্যেকে তাঁর জীবনাদর্শকে অনুসরণ করে নিজেদের জীবন গড়তে পারলে, সেটাই হবে আজকের এই ঈদে-মিলাদুন্নবী স্মরণের যথার্থতা। এদিনের অনুষ্ঠানে সকলে অঙ্গীকারবদ্ধ হয় তেমন-ই এক সুন্দর জীবন গড়ার লক্ষে সচেষ্ট হতে হবে প্রত্যেককে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ