আনিস হত্যার রহস্য উদঘাটনে সিআইডি তদন্তের দিকে ঝুঁকছে রাজ্য! ভবানী ভবনে তলব জেলার এসপিকে
সেখ ইবাদুল ইসলাম : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরব থেকে আনিস হত্যার বিষয়ে গভীর চিন্তায় রয়েছেন বলে জানা গেছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আনিস খান প্রতিবাদী হিসাবে এলাকায় পরিচিত ছিল। তিনি প্রথম থেকেই বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তীকালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দেন। সূত্রের খবর মুখ্যমন্ত্রীর নির্দেশে ভবানী ভবন এর সিআইডি দপ্তর আনিস হত্যার বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছে।
স্থানীয় থানার পুলিশ কেন খবর পাওয়ার পরে যথাযথ ব্যবস্থা নেয়নি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এইসব প্রশ্নের সমাধান করার জন্যই ভবানী ভবনে তলব করা হয়েছে হাওড়া গ্রামীণ এর এসপি সৌম্য রায়কে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে তিনি ভবানী ভবনকে নির্দেশ দিয়েছেন যে এসপির কাছে জানতে চাওয়া হবে কেন পুলিশ দেরিতে পৌঁছেছিল এবং ঘটনার খবর পাওয়ার পর পুলিশ কেন প্রাথমিক তদন্ত শুরু করেনি। এলাকার মানুষের দাবী পুলিশ প্রশাসনকে দিয়ে এই তদন্ত সঠিকভাবে হবে না কোনো নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে এই তদন্ত করাতে হবে।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পর তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে সিআইডি বলে জানা গেছে। যদিও এখনও পর্যন্ত আনিস হত্যার তদন্ত ভার সিআইডি নেয়নি, তবে আজকালের মধ্যে সিআইডি এই তদন্তভার নিতে পারে বলে সূত্রের খবর। সূত্রের আরেকটি খবর পাওয়া যাচ্ছে এসপি সৌম্য রায়কে বদলি করে দেয়া হতে পারে।

