ডায়মন্ড হারবারে তৃণমূল পার্টি অফিসে তল্লাশি, উদ্ধার ১ কোটি ২ লাখেরও বেশি টাকা
এস রোজলিন: কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারের একটি তৃণমূল পার্টি অফিসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১ কোটি ২ লাখ ৭৯ হাজার টাকা।
জমি দুর্নীতি মামলায় বেশ কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে নিজেদের হেফাজতে নিয়েছে ডায়মন্ড হারবার পুলিশ। এরপরই এদিন সকালে তাঁকে সঙ্গে নিয়ে সরিষার একটি পার্টি অফিসে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘ তল্লাশিতেই উদ্ধার হয় এই বিপুল নগদ টাকা।
কেন সেখানে বান্ডিল বান্ডিল টাকা রাখা হয়েছিল, এই টাকার উৎস কী, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে এই বিষয়ে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, শালবনির জমি দুর্নীতি মামলায় কালীঘাটের বাড়ি থেকে সুমিত রায়কে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, কোটি কোটি টাকায় সরকারি জমি বিক্রি করা হয়েছে। তদন্তের মধ্যেই ডায়মন্ড হারবারের কালিতলা আশুতি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাঁর বিরুদ্ধে মাটি চুরির মামলা করেছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। সেই মামলাতেই বেশ কিছুদিন সুমিতকে নিজেদের হেফাজতে নেয় জেলা পুলিশ। দফায় দফায় জিজ্ঞাসাবাদে ইতিমধ্যে পুলিশের হাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে বলে খবর। সেই তথ্যের ভিত্তিতেই আজ, বুধবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার সরিষায় একটি তৃণমূলের পার্টি অফিসে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চলাকালীন পার্টি অফিসের ভিতরে থাকা একটি আলমারির মধ্যে একটি ব্যাগ দেখতে পান তদন্তকারী আধিকারিকরা। তা খুলতেই চমকে ওঠেন তাঁরা। দেখেন, ব্যাগের মধ্যে থরে থরে রাখা টাকা।

