দেশ 

মহাকাশে ফের নতুন মাইলফলক স্থাপন করল ইসরো, আরও শক্তিশালী হবে জিপিএস পরিষেবা!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মহাকাশে ফের নতুন মাইলফলক স্থাপন করল ইসরো। শুক্রবারই অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়েছে কৃত্রিম উপগ্রহ এনভিএস-০৩। দেশের নিজস্ব জিপিএসকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উৎক্ষেপণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে বিজ্ঞানীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আশাপ্রকাশ করেছেন দেশজুড়ে সাধারণ মানুষ এর ফলে সুবিধা পাবেন।

শুক্রবার রাত ১১টা ৫১ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে GSLV-F18 রকেটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের ২০ মিনিটের সামান্য পরে, রকেটটি এনভিএস-০৩ উপগ্রহটিকে সফলভাবে তার নির্ধারিত জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে স্থাপন করে। উৎক্ষেপণ প্রক্রিয়ার উপর নজর রাখা ইসরো প্রধান ড. ভি নারায়ণন এরপরই আনন্দিত হয়ে মিশন সফল হওয়ার কথা সকলকে জানান। পাশাপাশি এই উপগ্রহ তৈরির সঙ্গে যুক্ত শিল্প প্রতিষ্ঠান ও ব্যক্তিদের অভিনন্দন জানান।

এই সাফল্যের পর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদিও। তিনি লিখেছেন, ‘এনভিএস-০৩-কে বহনকারী জিএসএলভি-এফ১৮- সফল উৎক্ষেপণের জন্য আমাদের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের অভিনন্দন। এই মিশন আমাদের নিজস্ব স্যাটেলাইট দিকনির্ণয় ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যাধুনিক ক্ষমতাসম্পন্ন এনভিএস-০৩ স্যাটেলাইট জটিল প্রযুক্তির ক্ষেত্রে আমাদের স্বনির্ভর হওয়ার প্রচেষ্টাকে অনেকটা এগিয়ে দেবে। দেশজুড়ে সাধারণ মানুষরা উপকৃত হবেন এর ফলে। এদেশের মহাকাশবিজ্ঞানীদের নিষ্ঠা ও উদ্ভাবনী শক্তি আমাদের দেশকে গর্বিত করে চলেছে।’

ইসরোর দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন স্যাটেলাইট সিরিজের তৃতীয় উপগ্রহ এনভিএস-০৩। ‘নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন’-এর আওতায় নেভিগেশন পরিষেবার ধারাবাহিকতা বজায় রাখা এবং এর সিগন্যাল আরও উন্নত করার লক্ষ্যেই এটি নির্মিত হয়েছে। এই মিশনটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নিজস্ব পজিশনিং, নেভিগেশন ও টাইমিং সক্ষমতাকে শক্তিশালী করতে চায় ভারত।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ