সেলফি দেখেই বলে দেবে ক্যানসার রোগীর আয়ু, ৪ কোটি মুখ দেখে প্রশিক্ষিত নতুন AI টুলে চাঞ্চল্য
এস রোজলিন: কলকাতা: যুগটা এখন এআই-এর। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা তার ম্যাজিক দেখাল চিকিৎসা ক্ষেত্রে। স্রেফ একজন ক্যানসার রোগীর সেলফি দেখে তাঁর বেঁচে থাকার সম্ভাবনা কতটা, তা বলে দিতে পারবে একটি নতুন এআই টুল। সম্প্রতি ‘ল্যানসেট ডিজিটাল হেলথ’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এই যুগান্তকারী গবেষণার কথা জানানো হয়েছে। ম্যাসাচুসেটসের অলাভজনক অ্যাকাডেমিক স্বাস্থ্য পরিষেবা সংস্থা ‘মাস জেনারেল ব্রিগহাম’-এর গবেষকরা এই এআই সিস্টেমটি তৈরি করেছেন।
জানা গিয়েছে, বিভিন্ন জনগোষ্ঠী ও বয়সের মানুষের ৪ কোটিরও বেশি মুখের ছবি ব্যবহার করে এই সিস্টেমটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই গবেষণায় দুটি পরিপূরক টুল ব্যবহার করা হয়েছে।
FAHR-FaceAge:এটি রোগীর জৈবিক বয়স নির্ধারণ করে এবং ক্যানসার থেকে বেঁচে থাকার সম্ভাবনা সম্পর্কে পূর্বাভাস দেয়।
FAHR-FaceSurvival: এটি সরাসরি মুখের ছবি থেকে বেঁচে থাকার সম্ভাবনা অনুমান করে, এক্ষেত্রে জৈবিক বয়সের উপর নির্ভর করার প্রয়োজন পড়ে না। প্রতিটি অ্যালগরিদম মুখের ভিন্ন ভিন্ন অংশ পর্যবেক্ষণ করে পূর্বাভাস দেয়। ‘FAHR-FaceAge মূলত নাকের পাশ থেকে মুখের কোণ পর্যন্ত বিস্তৃত ভাঁজ, চোখের কোটরের ঠিক উপরের কপাল এবং রগের পাশের অংশ বিশ্লেষণ করে। অন্যদিকে, ‘FAHR-FaceSurvival- বিশ্লেষণ করে চোখের নিচের অঞ্চল এবং নাকের সেতুর চারপাশের অংশ।
গবেষণায় দেখা গিয়েছে, আমেরিকায় রেডিওথেরাপি চলছে বা শেষ হয়েছে এমন ক্যানসার রোগীদের মধ্যে, ‘FAHR-FaceAge -এর মূল্যায়ন অনুযায়ী যাঁদের জৈবিক বয়স তাঁদের প্রকৃত বয়সের তুলনায় পাঁচ বছর বা তার বেশি মনে হয়েছে, তাঁদের ক্ষেত্রে গড়ে চার বছরের ফলো-আপে মৃত্যুর ঝুঁকি ২১ শতাংশ বেশি ছিল। আর যাঁদের বয়স পাঁচ বছর বা তার বেশি কম মনে হয়েছে, তাঁদের ক্ষেত্রে এই ঝুঁকি ১৭ শতাংশ কম ছিল। গবেষকদের মতে, সেলফি থেকে কীভাবে রোগীর স্বাস্থ্য মূল্যায়ন করা যায় এবং তা কীভাবে চিকিৎসা ব্যবস্থাপনায় কাজে লাগানো যায়, তার একটি পূর্ণাঙ্গ উদাহরণ এই গবেষণা।

