অভিজীৎ দিপকের জামিন মঞ্জুর করল দিল্লির আদালত!
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজীৎ দিপকের জামিন মঞ্জুর করল দিল্লির আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে সেই জামিন মঞ্জুর করা হয়েছে। দিতে হবে ৫০ হাজার টাকা বন্ড। পুলিশ সূত্রে খবর, শান্তিভঙ্গ করবেন না বলে মুচলেকা (‘পিস বন্ড’)-তে তাঁকে সই করার নির্দেশ দিয়েছে আদালত।
সেই নির্দেশ মেনে নেওয়ার পরে শনিবার বিকেলে মন্দির মার্গ থানা থেকে বেরিয়ে আসেন তিনি। শুক্রবার ‘তেরঙা যাত্রা’য় যোগ দিতে দিল্লির বাড়ি থেকে বেরনোর মুহূর্তেই আটক হন দিপকে। পরে তাঁকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দিপকের পাশাপাশি আটক হয়েছিলেন অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (আইসা) নেত্রী নেহা বোরা। তাঁকে শনিবার সকালে ছেড়ে দেওয়া হয়। তবে দিপকেকে শুক্রবার দিনভর আটক করে রাখার পরে গ্রেফতার করা হয়। শনিবার ভোরে দিল্লি পুলিশ জানায়, ‘প্রিভেন্টিভ অ্যারেস্ট’ (আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গ্রেফতার) করা হয়েছে ককরোচদের প্রধানকে।
পুলিশের বক্তব্য, শান্তিভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারায় গ্রেফতার করা হয়েছে দিপকেকে। উল্লেখ্য, নাগরিক সুরক্ষা সংহিতার ১৭০ ধারায় কোনও পরোয়ানা বা ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়াই কোনও অপরাধ ঠেকাতে কাউকে গ্রেফতার করতে পারে পুলিশ। গ্রেফতারের পরে শনিবার স্পেশাল একজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানো হয়। সেখানেই জামিন পেলেন তিনি।

