ফের কেঁপে উঠল উত্তরাখন্ড!
ফের কেঁপে উঠল উত্তরাখণ্ড। চার দিনের মধ্যে দু’বার কাঁপল রাজ্যের উত্তরকাশী এবং সংলগ্ন বেশ কিছু অঞ্চল। শনিবার রাতে কেঁপে ওঠে উত্তরকাশী। জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল উত্তরকাশী থেকে ২ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২।
রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, এই কম্পনের জেরে বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে কয়েক দিনের মধ্যে দু’বার ভূমিকম্পের কারণে উত্তরকাশী এবং সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসন সূত্রে খবর, শনিবারের এই কম্পনের কয়েক ঘণ্টা আগে বাগেশ্বর জেলাতেও ছোট মাত্রার কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য বলছে, সেই কম্পনের মাত্রা ছিল ২.৮।
এর আগে গত ৬ অক্টোবর রাজ্যের চমোলীতে ৪.৯ মাত্রার ভূমিকম্প হয়। সেই কম্পন অনুভূত হয়েছিল দিল্লি এবং সংলগ্ন অঞ্চলেও। উল্লেখ্য, তিন বছর আগে এই উত্তরকাশীতে আতঙ্কের ছায়া নেমে এসেছিল। একের পর এক বাড়িতে ফাটল ধরতে শুরু করায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। কী কারণে ফাটল, তা নিয়ে জোর চর্চা শুরু হয়। উঠে আসে নির্মাণকাজ সংক্রান্ত তত্ত্ব। বেআইনি এবং অবৈধ ভাবে পাহাড়ে নির্মাণকাজের কারণে বাড়িগুলিতে ফাটল ধরে বলে অভিযোগ ওঠে।
উল্লেখ্য, ১৯৯১ সালে একটি বড় ভূমিকম্পের পর উত্তরকাশীর একটা বিশাল অংশ বসে যায়। তখনও কিছু বাড়িতে ফাটল দেখা দেয়। উত্তরাখণ্ড ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে পড়ে। কিন্তু সম্প্রতি ঘন ঘন উত্তরকাশীতে ভূমিকম্প হওয়ায় বড় বিপদের আশঙ্কা করছেন স্থানীয়েরা।

