ভবানীপুরের দলের কাউন্টিং এজেন্ট ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বিশেষ প্রতিনিধি : প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর নিয়ে বেশ খানিকটা টেনশনে আছে বলে মনে করা হচ্ছে। গতকাল শনিবার রাজ্যের সমস্ত তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর আজ রবিবার সন্ধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্ট, কাউন্সিলর এবং ওয়ার্ড সভাপতিদের বৈঠকে ডেকেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সূত্রে খবর, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবন সংলগ্ন দফতরে এই বৈঠকটি হবে।
সোমবার ভবানীপুর-সহ রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা হবে। তার আগের দিন সন্ধ্যায় নিজের বিধানসভার কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক করবেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা। তৃণমূলের ওই সূত্র মারফত জানা গিয়েছে, বৈঠকে ডাকা হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটটি ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরদের। থাকবেন ওই ওয়ার্ডগুলির সভাপতিরাও।

তৃণমূল সূত্রে খবর, এই বৈঠকে গণনার দিন কাউন্টিং এজেন্ট এবং ভবানীপুরে দলের অন্য পদাধিকারীদের কার কী ভূমিকা হবে, তা স্পষ্ট করে দিতে পারেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, শুক্রবারই দলীয় কর্মীদের সঙ্গে জরুরি বৈঠক করেছিলেন বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা তথা ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। অরফ্যানগঞ্জের বিজেপি কার্যালয়ে ওই বৈঠকটি হয়।
শনিবার বিকেলে দলের কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে দলের সমস্ত প্রার্থী এবং গুরুত্বপূর্ণ নেতারাও যোগ দিয়েছিলেন। তৃণমূল সূত্রে জানা যায়, ভোটগণনা নিয়ে কাউন্টিং এজেন্টদের একগুচ্ছ নির্দেশ দেন মমতা-অভিষেক। গণনাকেন্দ্রের প্রতিটি মুহূর্তের খবর দলের শীর্ষ নেতৃত্বকে জানাতে বলা হয়। কোনও কেন্দ্রে খুব অল্প ব্যবধানে বিজেপি এগিয়ে থাকলে পুনর্গণনার আর্জি জানাতেও বলা হয়ে। গণনাপ্রক্রিয়ার উপর নজর রাখতে ইতিমধ্যেই জেলাওয়াড়ি পর্যবেক্ষক নিয়োগ করেছে তৃণমূল।

