২৭ লক্ষ কোটি টাকা ব্যয়ে আমেরিকায় তৈল শোধনাগার তৈরি করছেন মুকেশ আম্বানি, ঐতিহাসিক উদ্যোগ বললেন ডোনাল্ড ট্রাম্প
বাংলার জনরব ডেস্ক : আমেরিকায় ২৭ লক্ষ কোটি টাকা ব্যয় করে তৈল শোধনাগার তৈরি করছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি। আম্বানি গোষ্ঠীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, টেক্সাসের ব্রাউনসভিলে আমেরিকা একটা তৈল শোধনাগার তৈরি করছে। আমেরিকার গত ৫০ বছরের ইতিহাসে এটা প্রথম।’’ এর জন্য রিলায়্যান্সকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, এই তৈল শোধনাগারের জন্য রিলায়েন্সের সঙ্গে ৩০ হাজার কোটি মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় সাড়ে ২৭ লক্ষ কোটি টাকার বেশি) চুক্তি হয়েছে। একে ‘ঐতিহাসিক চুক্তি’ বলে বর্ণনা করেছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট জানান, টেক্সাসের ব্রাউনসভিল বন্দরে তৈরি হচ্ছে নতুন তৈল শোধনাগারটি। ট্রাম্পের কথায়, ‘‘এটি আমেরিকার জাতীয় নিরাপত্তা জোরদার করবে। বৃদ্ধি করবে আমেরিকা জ্বালানি উৎপাদনও। এটা বিশ্বের সবচেয়ে পরিষ্কার শোধনাগার হবে।’’ তাঁর মতে, এই শোধনাগার থেকে বিশ্বব্যাপী তেল সরবরাহের পথ আরও মসৃণ হবে। বাড়বে কর্মসংস্থানও। তবে এ ক্ষেত্রে ‘আমেরিকান ফার্স্ট’ নীতি অবলম্বন করা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। তাঁর কথায়, ‘‘প্রথম সুযোগ পাবেন আমেরিকানেরাই।’’

