বিপর্যস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী!
লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। পরিস্থিতি খতিয়ে দেখতে আগামিকাল, সোমবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে যাবেন মুখ্যসচিব মনোজ পন্থ। দুপুর তিনটের মধ্যে উত্তরবঙ্গে পৌঁছে যাবেন তিনি। এক সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি নিজে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের ডিএমদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করেছেন। দিয়েছেন প্রয়োজনীয় নির্দেশ।
শনিবার রাতভর প্রবল বর্ষণ হয়েছে উত্তরবঙ্গে। একাধিক জায়গায় নেমেছে ধস। মৃত একাধিক। বন্ধ বহু রাস্তা। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। হোটেলগুলিতে আটকে রয়েছেন পর্যটকরা। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজর রাখছেন পরিস্থিতি উপর। শনিবার উত্তরের জেলাগুলির ডিএমদের সঙ্গে বৈঠক করেছেন। দিয়েছেন একাধিক নির্দেশ। পর্যটকদের হোটেল থেকে বেরতে বারণ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

তিনি জানিয়েছেন, উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত, মৃতদের পরিবারকে আর্থিক সহয়তা ও চাকরি দেওয়ার কথা বলেছেন তিনি। শনিবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “এটি একটি দুর্যোগ। দুর্যোগে সবার পাশে থাকা উচিত। আগামিকাল আমি আর সিএস (মুখ্যসচিব) উত্তরবঙ্গ যাচ্ছি। আশা করছি দুপুর তিনটের মধ্যে ওখানে পৌঁছে যাব।”
সোশাল মিডিয়ায় এই দুর্যোগ নিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘গত রাতের কয়েক ঘণ্টায় প্রবল বৃষ্টি ও বাইরে থেকে আমাদের রাজ্যের নদীর জলস্তর বেড়ে যাওয়ায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। আমি গভীরভাবে উদ্বিগ্ন।’ তিনি আরও লিখেছেন, ‘ দুর্যোগের ফলে আমরা কিছু ভাইবোনকে হারিয়েছি। আমি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। পরিবারগুলিকে সব রকম সহায়তা করা হবে।’ তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানিয়েছেন।

