“আদালতের বাইরে রাজনীতির লড়াই লড়ুন” মমতার বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানিতে মামলাকারীর উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রতিক্রিয়া
বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগ বাতিল করে শীর্ষ আদালত। সেই নির্দেশের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেছেন সেই সাংবাদিক সম্মেলনে আদালত অবমাননীয় হয়েছে বলে অভিযোগ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল আত্মদীপ নামে এক সংগঠন। সেই মামলার শুনানিতে সোমবার প্রধান বিচারপতি বি আর গাভাই মামলাকারীকে ধমক দিয়েছেন ভর্ৎসনা করেছেন। তবে তিনি মামলা শুনতে রাজি হয়েছেন চার সপ্তাহ পর শুনানি হবে বলে জানিয়েছেন।
গত ৩ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করে তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ রাজ্যের ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। ওই রায় নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করে ‘আত্মদীপ’ নামে একটি সংগঠন। তাদের বক্তব্য, গত ৩ এপ্রিল এসএসসি মামলার রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। সেই রায় নিয়ে ইচ্ছাকৃতভাবে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। গত ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। গত শনিবার ওই মামলার তথ্য ও নথি জমা দেওয়া হয়। মামলাকারীর আইনজীবী আয়ুষ আনন্দ মমতার বক্তব্যের ইংরেজি অনুবাদ জমা দেন।

সোমবার প্রধান বিচারপতির বি আর গভাইয়ের বেঞ্চে ছিল মামলার শুনানি। মামলাকারীর কাছে প্রধান বিচারপতির প্রশ্ন, “কেন মামলা খারিজ করে দেব না বলবেন? সব কিছুতে রাজনীতির রং দেবেন না। আদালতের বাইরে রাজনীতির লড়াই লড়ুন।” এরপর প্রধান বিচারপতি জানান, ফের চার সপ্তাহ পর হবে এই মামলার শুনানি।

