আন্তর্জাতিক 

ফিলিস্তিন সমস্যার সমাধানে অভিনব পন্থা অবলম্বন করছেন মার্কিন প্রেসিডেন্ট! কি সেই পন্থা?

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ফিলিস্তিনি সমস্যার সমাধানে অভিনব উপায় বের করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এবার গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে পশ্চিম এশিয়ার বিভিন্ন আরব দেশগুলির সঙ্গে প্রেসিডেন্ট নিজে কথা বলেছেন বলে জানা গেছে। অর্থাৎ ইসরাইলের দাবি মত ফিলিস্তিন থেকে তাদের অধিবাসীদের সরিয়ে দিতে চান মার্কিন প্রেসিডেন্ট। সেই মতো তিনি উদ্যোগ নিয়ে ফেলেছেন। এর ফলে একটি দেশ যে বিলুপ্ত হয়ে যাবে তা নিয়ে কোন সন্দেহ নেই। ফিলিস্তিন থেকে একবার তার অধিবাসীদের সরিয়ে দিতে পারলে পুনরায় কি তাদের জন্মস্থানে ফিরে আসতে পারবে ফিলিস্তিনিরা, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।।

আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, গাজ়া থেকে ফিলিস্তিনিদের সরানোর জন্য পড়শি দেশগুলির উপর ‘চাপ’ সৃষ্টি করতে চান ট্রাম্প। শনিবার (স্থানীয় সময়) তিনি নিজেই জানিয়েছেন, জর্ডনের রাজার সঙ্গে তাঁর কথা হয়েছে। দেশে আরও বেশি বাসস্থান তৈরি করে ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য রাজা দ্বিতীয় আবদুল্লাকে তিনি অনুরোধ করেছেন। গাজ়ায় প্রায় সাড়ে ১০ লক্ষ প্যালেস্টাইনি রয়েছেন। ট্রাম্প বলেন, ‘‘আমি জর্ডনের রাজার সঙ্গে ফোনে কথা বলেছি এবং ওঁকে জানিয়েছি, উনি যদি আরও প্যালেস্টাইনিকে আশ্রয় দিতে পারেন, আমার খুব ভাল লাগবে। কারণ, সমগ্র গাজ়া স্ট্রিপ এই মুহূর্তে ঘেঁটে রয়েছে। সাড়ে ১০ লক্ষের বেশি মানুষ রয়েছেন ওখানে, যাঁদের সরানো প্রয়োজন। আমরা জায়গাটাকে সাফ করতে চাই।’’

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতা এল-সিসির সঙ্গেও এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন ট্রাম্প। তাঁকেও ফিলিস্তিনিদের আশ্রয়ের অনুরোধ করা হবে। তবে শুধু ইজ়রায়েলের পড়শি জর্ডন বা মিশর নয়, ফিলিস্তিনিদের জন্য বিকল্প ব্যবস্থা করতে পশ্চিম এশিয়ার অন্যান্য দেশ এমনকি, আরব দেশগুলির সঙ্গেও আলোচনা করতে চান ট্রাম্প। তাঁর কথায়, ‘‘গাজ়া এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানুষ মারা যাচ্ছেন। কিছু তো একটা করতে হবে! আমি এর জন্য আরব দেশগুলির সঙ্গেও কথা বলব। আরও বেশি করে বাসস্থান তৈরি করে ফিলিস্তিনিদের আশ্রয় দিতে হবে। তা হলে তাঁরা শান্তিতে থাকতে পারবেন।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ