কলকাতা 

গড়াইমারীর হাসপাতাল পুনরুজ্জীবনের দাবিতে এসডিপিআই-এর পদযাত্রা ও হুঁশিয়ারি

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ১৬ জানুয়ারী ২০২৫, ডোমকল: ডোমকল বিধানসভার গড়াইমারী অঞ্চলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা হাসপাতাল পুনরায় চালু ও উন্নত পরিষেবা নিশ্চিত করার দাবিতে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার নেতৃত্বে আজ একটি পদযাত্রা ও জনসভার আয়োজন করা হয়। মোমিনপুর থেকে গড়াইমারী হাসপাতালের সামনে দিয়ে পদযাত্রা শেষ হয় গড়াইমারী বাজারে।

গড়াইমারী বাজারে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে SDPI-এর রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম বলেন, “১৫ দিনের মধ্যে আমাদের ৫ দফা দাবি পূরণ করতে হবে অন্যথায় আমরা জেলা স্বাস্থ্য দফতরে ডেপুটেশন ও বৃহৎ আন্দোলনের পথে নামব।”

Advertisement

হাকিকুল ইসলাম তাঁর বক্তৃতায় স্পষ্টভাবে বলেন—গড়াইমারীর এই ঐতিহাসিক হাসপাতাল একসময় কার্যকর ছিল, অথচ এখন তা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। অতি শীঘ্রই হাসপাতালের জরুরি বিভাগ চালু, রাস্তা সংস্কার, প্রয়োজনীয় ডাক্তার-নার্স ও সরঞ্জামের অভাব পূরণ, এবং নিরাপত্তার ব্যবস্থা না করা হলে, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে বৃহৎ প্রতিবাদ গড়ে তোলা হবে।

জেলা সভাপতি মাসুদুল ইসলাম বলেন, “এই হাসপাতাল কেবল একটি ভবন নয়; এটি ছিল মানুষের জীবনের রক্ষাকবচ। কিন্তু অবহেলা ও দুর্নীতির ফলে তা কার্যত অচল। এখনই এটি পুনরুজ্জীবনের ব্যবস্থা করা প্রয়োজন, অন্যথায় জনগণের মৌলিক স্বাস্থ্যসেবার দাবিতে এই আন্দোলন আরও বৃহৎ রূপ নিতে প্রস্তুত।

ব্লক সভাপতি মিজানুর রহমান উল্লেখ করেন, “হাসপাতালের সাথে সংযোগকারী রাস্তা সংস্কার না হলে সাধারণ মানুষের পক্ষে এখানে আসা কঠিন। স্বাস্থ্যসেবার সঙ্গে এই বঞ্চনা আর সহ্য করা হবে না।” এছাড়া ব্লক সম্পাদক মাসুদুল হক ও স্থানীয় নেতৃত্ব হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসা সরঞ্জাম ও নিরাপত্তা ব্যবস্থার অভাবের কথা তুলে ধরে দ্রুত সমস্যার সমাধান দাবি করেন। পাশাপাশি হাসপাতাল মোড় থেকে হাসপাতাল হয়ে ঈদগাহ পর্যন্ত রাস্তা সংস্কার করার দাবি জানান।

সভায় তৃণমূল সরকারের দুর্নীতি ও অবহেলার বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হয় এবং হিন্দু-মুসলিম ঐক্য বজায় রেখে সুন্দর সমাজ গড়ার আহ্বান জানানো হয়।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ