টাটা ট্রাস্টের নয়া চেয়ারম্যান হলেন নোয়েল টাটা
বিশেষ প্রতিনিধি : ‘টাটা ট্রাস্ট’-এর নয়া চেয়ারম্যান হলেন নোয়েল টাটা। তিনি প্রয়াত শিল্পপতি রতন টাটার স্থলাভিষিক্ত হলেন। ৯ অক্টোবর ৮৭ বছর বয়সে মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন। আজ শুক্রবার, ১১ অক্টোবর রতন টাটার সৎভাই নোয়েলকেই এই পদের জন্য বেছে নিলেন সংস্থার ট্রাস্টি বোর্ডের সদস্যেরা। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে টাটা ট্রাস্ট ভাল ভাবে এগিয়ে যেতে পারবে বলেই মনে করছেন সংস্থার অন্য পদাধিকারীরা।
টাটা সন্সের প্রাক্তন বোর্ড সদস্য আর গোপালকৃষ্ণণ এ প্রসঙ্গে বলেছেন, ‘‘নোয়েল খুব ভাল এবং বিচক্ষণ মানুষ। ব্যবসা চালানো এবং বড় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো দক্ষতা তাঁর রয়েছে। ফলে ট্রাস্টে নতুন মাত্রা সংযোজন করতে পারবেন তিনি। যেটা ট্রাস্ট চালানোর ক্ষেত্রে খুবই জরুরি।’’

২০১৪ সালে ‘ট্রেন্ট লিমিটেড’-এর চেয়ারম্যান হন নোয়েল। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই লাভের পরিমাণ বৃদ্ধি করে এই পোশাক বিক্রেতা সংস্থা। গত এক দশকে যার শেয়ারের দর ছ’হাজার শতাংশের বেশি বেড়েছে।
ট্রেন্টে যোগদানের আগে ‘টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড’-এ ছিলেন নোয়েল। সেখানে ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত কাজ করেন তিনি। এই সময়সীমার মধ্যে কমোডিটি ব্যবসার সংস্থাটির রাজস্বের পরিমাণ ৫০ কোটি ডলার থেকে একলাফে ৩০০ কোটি ডলারে পৌঁছে যায়। এই সাফল্যের অনেকটাই নোয়েলের জন্য বলে মনে করা হয়।

