আন্তর্জাতিক কলকাতা 

পুজোর আগেই ৩০০০ টন পদ্মার ইলিশ আসছে এপার বাংলায়!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  পুজোর আগেই পশ্চিমবঙ্গবাসীদের জন্য বাংলাদেশের ইলিশ আসছে। ৩০০০ টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার। শনিবার, ২১ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তি জারি করেছে গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক। সেখানেই পশ্চিমবঙ্গে তিন হাজার টন ইলিশ পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে।

ভারতের ‘ফিশ ইম্পোর্টাস অ্যাসোসিয়েশন’ (মৎস্য আমদানি সংগঠন)-এর তরফে জানানো হয়েছে, উৎসবের জন্য প্রতি বছর ১০ সেপ্টেম্বরের মধ্যে এ পার বাংলায় ইলিশ চলে আসে। এ বছর তা এখনও আসেনি। উৎসবের মরসুমে ভারতে ইলিশ রফতানি বন্ধ রেখেছিল বাংলাদেশ। জানানো হয়েছিল, অভ্যন্তরীণ চাহিদার কারণেই এই সিদ্ধান্ত। নেপথ্যে অন্য কোনও কারণ নেই। শনিবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক জানাল, দুর্গাপুজোর আগে তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভারতের যে সকল ব্যবসায়ীরা মাছ আমদানির জন্য আগে আবেদন করেছিলেন, তাঁদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে নতুন করে যাঁরা আবেদন করতে চান, তাদের আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

‘ফিশ ইম্পোর্টাস অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ এই প্রসঙ্গে বলেন, ‘‘মাছ আসছে নিশ্চিত। একটা জটিলতা তৈরি হয়েছিল। তবে মাছের দাম কতটা কী হবে, বলা সম্ভব নয়। এমনিতেই ইলিশের দাম আকাশছোঁয়া! যদি পরিমাণে বেশি আসে, তবেই দাম কম হবে। নয়তো দাম বেশিই থাকবে।’’

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ